ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আলোচনায় বসতে চান মেসি, বার্সেলোনার ‘না’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৬, ২৯ আগস্ট ২০২০   আপডেট: ০২:৫১, ৩০ আগস্ট ২০২০
আলোচনায় বসতে চান মেসি, বার্সেলোনার ‘না’

আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি নিজের শৈশবের ক্লাব বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছেন। কিন্তু সহজেই কাতালান শিবির ছেড়ে অন্য ক্লাবে যেতে পারছেন না মেসি। তার নামের পাশে রয়েছে ৭০০ মিলিয়ন ইউরোর বাই আউট ক্লজ।

কোনো ক্লাব মেসিকে এ মুহূর্তে পেতে চাইলে ৭০০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে। অন্যথায় অপেক্ষায় থাকতে হবে পাক্কা এক ফুটবল মৌসুম। কিন্তু ৩৩ বছর বয়সি মেসি এক বছর বার্সেলোনায় থাকতে রাজি নন। সাফ জানিয়ে দিয়েছেন, আগামী মৌসুমে খেলতে চান নতুন ক্লাবে। কিন্তু ট্রান্সফারের জন্য যে বাই আউট ক্লজ রয়েছে তাও দিতে রাজি নন।

মেসির দাবি, করোনার কারণে মৌসুম শেষ হয়েছে আগস্টে। মৌসুম শেষেই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত জানানোর কথা। মৌসুম শেষের ছয় দিন আগে সেটাই করেছেন। তাহলে কেন বাই আউট ক্লজের প্রসঙ্গ আসছে? কিন্তু বার্সেলোনার দাবি ভিন্ন। তারা বলছে, মৌসুম আগস্টে শেষ হলেও চুক্তিতে জুলাইয়ের কথা স্পষ্ট বলা আছে।

সমস্যা নিরসনে ন্যু ক্যাম্পে আলোচনায় বসতে চেয়েছিলেন মেসি। কিন্তু বার্সেলোনা আলোচনাতেই যেতে রাজি নয়। মার্কা এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া স্প্যানিশ পত্রিকা এল পেরিডিকো এক প্রতিবেদনে জানিয়েছে, নিজের ভবিষ্যত নির্ধারণে মেসি বার্সেলোনা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন। সেজন্য আনুষ্ঠানিক প্রস্তাবও দেয়। কিন্তু বার্সেলোনা সেই আলোচনা করতে রাজি হয়নি। ক্লাব কর্মকর্তার সূত্রের বরাত দিয়ে তারা বলছে,‘মেসিকে চুক্তি করতে হবে নয়তো বাই আউট ক্লজ দিতে হবে। আলোচনায় বসার কিছু নেই। এখানে সহজ ও সংক্ষিপ্ত কোনো সমাধান নেই।’ 

এদিকে একই প্রতিবেদনে উল্লেখ আছে, মেসিকে রাজি করিয়ে ক্যাম্প ন্যুতে রেখে দেওয়ার ইচ্ছে বার্সেলোনার। কিন্তু মেসিকে কোনোভাবেই রাজি করানো সম্ভব নয় সেটাও বুঝতে পারছে তারা। এজন্য বাই আউট ক্লজে অনঢ় তারা। রোববার করোনাভাইরাস পরীক্ষা করাতে ক্যাম্প ন্যু যাবেন মেসি। সোমবার দলের অনুশীলনেও যোগ দেবেন।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়