বিরাট কোহলি ব্যাট ধরতে ভয় পায়!
বিরাট কোহলি ব্যাট ধরতে ভয় পায়! শুনতে বড় অবাক লাগলেও এটাই সত্যি। স্বয়ং কোহলি এমন দাবি করেছেন। করোনাভাইরাসের কারণে লম্বা সময় ধরে ব্যাট ধরা হয়নি কোহলির। সময়ের হিসাবে পাক্কা পাঁচ মাস। আর তাই মনের মধ্যে একটা ভীতি কাজ করেছিল ভারত অধিনায়কের।
আইপিএলকে সামনে রেখে ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর সেখানে ছয়দিনের কোয়ারেন্টাইন শেষ শনিবার থেকে অনুশীলন শুরু করেছে দলটির ক্রিকেটাররা। আর সে অনুশীলনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
সে ভিডিওতে কথা বলেছেন কোহলিও। জানিয়েছেন, অনুশীলনের শুরুতে নিজের মধ্যে ভয় কাজ করলেও, প্রত্যাশার চেয়ে ভালোভাবে সব করতে পেরেছেন তিনি। কোহলির ভাষ্যে, ‘সত্যি বলতে যেমনটা আশা করেছিলাম, তার চেয়ে অনেক ভালো ছিল অনুশীলন। আমি বেশ ভয়ে ছিলাম। গত ৫ মাস ধরে আমি ব্যাট ধরিনি। তবে হ্যাঁ সত্যিই প্রত্যাশার চেয়ে ভালো অবস্থায় আছি।’
করোনায় ব্যাট-বলের অনুশীলন না করলেও ফিটনেস ধরে রাখার জন্য নিয়মিত কাজ করেছেন কোহলি। আর সেটা বেশ কাজে লেগেছে জানিয়ে কোহলি যোগ করেন, ‘লকডাউনের মধ্যেও ট্রেনিং করেছি। তাই ফিটনেস নিয়ে সমস্যা নেই। এটা বেশ কাজে লেগেছে।’
ভারতীয় ক্রিকেটের অধিনায়ক মনে করেন, ফিটনেসটাই আসল। যদি লম্বা বিরতির কারণে কারো ওজন বেড়ে যায়, তাহলে মানসিকভাবেও পিছিয়ে যাবে সে ক্রিকেটার।
কোহলি বলেন, ‘আপনি ফিট থাকলে মাঠে ভালোভাবে প্রতিক্রিয়া দেখাতে পারেন। আমার মনে হয়, বল দেখার জন্য আমি এখন বেশি সময় পাচ্ছি। এটা অনেক বড় একটা সুবিধা। যদি বাড়তি ওজন নিয়ে মৌসুম শুরু করতে যান, তাহলে ঠিকভাবে নড়াচড়াই করতে পারবেন না। এটা তখন মানসিকভাবেও প্রভাব ফেলে।’
ঢাকা/কামরুল