ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনাভাইরাস ‘ছোটখাটো ধাক্কা’: গাঙ্গুলি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৯, ১ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৫:৪৪, ১ সেপ্টেম্বর ২০২০
করোনাভাইরাস ‘ছোটখাটো ধাক্কা’: গাঙ্গুলি

করোনাভাইরাসে সারাবিশ্বে প্রাণ হারিয়েছে প্রায় নয় লাখ। আক্রান্ত আড়াই কোটির ওপরে। ভারতে ৬৫ হাজার মানুষ এরই মধ্যে প্রাণ হারিয়েছে। আক্রান্ত ৩৬ লাখ।

মহামারি এ ভাইরাসে সারাবিশ্ব ওলটপালট। অর্থনৈতিক মন্দা থেকে শুরু করে জীবনযাপন পুরোপুরি বিপর্যস্ত। কিন্তু এ ভাইরাসকে ‘ছোটোখাটো ধাক্কা’ মনে করছেন ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলি। তার মতে, করোনাভাইরাস দূর্বল হয়ে পড়েছে। জীবনে পথ চলতে এরকম ‘ছোটোখাটো ধাক্কা’ সামলে নিতে হবে।  

আরো পড়ুন:

করোনাভাইরাসের প্রকোপ এখনও কমেনি।  কিন্তু ভারতীয় বোর্ড ক্রিকেটারদের মাঠে ফিরিয়েছে। ভারতে করোনা আক্রমণ নিয়ন্ত্রণে না আসায় এবার আইপিএল আয়োজিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। মহামারির মধ্যেও আইপিএল আয়োজন নিয়ে সমালোচনা হচ্ছে।  তবে সেসবে গুরুত্ব দিচ্ছেন না গাঙ্গুলি। সাফ জানিয়ে দিয়েছেন, করোনাকে সঙ্গী করেই সামনের দিনগুলোতে চলতে হবে। 

একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের অনলাইন সভায় যোগ দিয়ে গাঙ্গুলি বলেন,‘করোনা স্রেফ একটি ভাইরাস। এটি এখন দূর্বল হতে শুরু করেছে। সামনে করোনা ভ্যাকসিনও আসছে। আমাদেরকে এগুলো পাশ কাটিয়ে চলতে হবে। ছোটোখাটো এসব ধাক্কা আসবেই।  সেগুলো পেরিয়ে আমাদের স্বাভাবিক জীবনে ফিরতে হবে।  হয়তো আমরা সহজেই এবার আইপিএল এড়িয়ে যেতে পারতাম। কিন্তু আমরা স্বাভাবিক জীবনে ফেরার সাহস পাচ্ছি আইপিএল আয়োজন করে। আমি নিশ্চিত সাহসিকতা ও সতর্কতার মাধ্যমে জীবনের সকল প্রতিকূলতা মোকাবিলা করা সম্ভব। শিগগিরই ভ্যাকসিন আসছে। আমি বিশ্বাস করি সামনে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’

১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে আইপিএল। তবে বল মাঠে গড়ানোর আগেই আইপিএলে করোনার ধাক্কা। চেন্নাই সুপার কিংসের ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে রয়েছেন ভারতের একজন পেসারও। ধারণা করা হচ্ছে, দলে করোনা আক্রান্তের খবরে মানসিকভাবে ধাক্কা খেয়েছেন সুরেশ রায়না। এজন্য আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এরই মধ্যে দুবাই থেকে দেশে ফিরেছেন রায়না।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়