ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গল্পটা শুধুই মুখে হাসি ফোটানোর: মুশফিক

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৪, ১ সেপ্টেম্বর ২০২০  
গল্পটা শুধুই মুখে হাসি ফোটানোর: মুশফিক

জাতীয় দলকে প্রতিনিধিত্ব করে যে ভালোবাসা মুশফিকুর রহিম পেয়েছেন তা ফিরিয়ে দিতে প্রতিষ্ঠা করেছেন এমআর ফিফটিন ফাউন্ডেশন। মুশফিক বিশ্বাস করেন, এ ফাউন্ডেশন দেশের সাধারণ মানুষের। যারা বাংলাদেশ ক্রিকেট দলকে ভালোবাসে, হাসি-কান্নায় সব সময় পাশে থাকে।

এমআর ফিফটিন ফাউন্ডেশন আত্মপ্রকাশের পর প্রথমবার সাধারণ মানুষের পাশে দাঁড়াল। বন্যাদুর্গত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে মুশফিকের স্বপ্নের ফাউন্ডেশন।

মুশফিকুর রহিম অফিসিয়াল ফেসবুকে লিখেন, ‘যতদূর চোখ যায়, শুধু পানি আর পানি। দিগন্তে সবুজের হাতছানি। ভরাট যৌবনা নদীর বুক চিরে এগিয়ে চলা পালতোলা নৌকা আর মাছরাঙার জলকেলি। দর্শানার্থীদের জন্যে চোখ ঝলসানো সৌন্দর্য, আর নদীর দুপাশে বসবাসরত মানুষের জন্যে মূর্তিমান আতঙ্ক।’

‘একে করোনার ছোবল, তার উপর বন্যার নির্যাতন। স্বাভাবিক জীবনে হঠাৎ ছন্দপতন। সমস্ত ফসল, বসতবাড়ি পানির নিচে, ভয়ালদর্শন স্রোতে গ্রামের অনেকখানি নদীগর্ভে।’

‘চিরকাল খেটে খাওয়া মানুষগুলো আজ বড্ড অসহায়। নিয়তি মেনে নেয়া সজল চোখে, আজ শুধুই সাহায্যের আকুতি। সব খবর জেনে সিদ্ধান্ত নেই, এই মানুষগুলোর কাছে আমার, সামান্য সম্মান মোড়ানো ভালোবাসা পৌছাতেই হবে। এটা আমার দায়িত্ব। এরপরের গল্পটা, শুধুই মুখে হাসি ফোটানোর গল্প।’

‘আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর অশেষ কৃপায়, গত দুইদিন আগে, বগুড়া জেলার সারিয়াকান্দি থানার বোহাইল ইউনিয়নের অন্তর্গত বোহাইল গ্রাম ও ধারাভার্ষা চরে, বন্যাদুর্গত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে আমার স্বপ্নের মুশফিকুর রহিম ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। ’

ত্রাণ বিতরণের যাবতীয় কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের স্বেচ্ছাসেবকদের প্রতি ভালোবাসা ও সম্মান জানান জাতীয় দলের সাবেক অধিনায়ক।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়