আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পেরেরা
ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম
শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার থিসারা পেরেরা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ৩২ বছর বয়সী এই ক্রিকেটার ২০০৯ সাল থেকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করছিলেন।
সোমবার ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে পেরেরার অবসরের বিষয়টি নিশ্চিত করেছে।
ওয়ানডে দিয়ে ২০০৯ সালে দেশের হয়ে খেলা শুরু করা পেরেরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন। আজ সকালে ক্রিকেট বোর্ডে তিনি অবসরের বিষয়টি জানান।
২০১১ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় পেরেরার। ২০১২ সাল পর্যন্ত ৬টি টেস্টে ব্যাট হাতে ২০৩ রান করেন। আর বল হাতে নিয়েছেন ১১ উইকেট। ২০১২সালের পর থেকে লঙ্কানদের সাদাপোশাকে আর দেখা যায়নি তাকে।
ক্যারিয়ারে সবচেয়ে বেশি খেলেন ওয়ানডে ক্রিকেট। ২০০৯ সালে অভিষেকের পর অবসরের আগ পর্যন্ত খেলেছেন ১৬৬টি ম্যাচ। এ সময় ব্যাট হাতে ২ হাজার ৩৩৮ রান করেন। সেঞ্চুরি ১টি ও হাফসেঞ্চুরি ১০টি। উইকেট নিয়েছেন ১৭৫টি। সর্বোচ্চ ৪৪ রান দিয়ে ৬ উইকেট।
দেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলেন ৮৪টি ম্যাচে। এ সময় ব্যাট হাতে ১২০৪ রান করেন। কোনো সেঞ্চুরি নেই; তবে হাফসেঞ্চুরি রয়েছে ৩টি। এই ফরম্যাটে উইকেট নিয়েছেন ৫১টি।
ঢাকা/রিয়াদ