নিরাপদে হারারেতে বাংলাদেশ, বৃহস্পতিবার থেকে অনুশীলন
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
নিরাপদে জিম্বাবুয়ে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় টেস্ট দল। কাতার এয়ারলাইন্সের একটি বিমানে করে দোহা-জোহানেসবার্গ হয়ে হারারেতে পৌঁছান মুমিনুল-মুশফিকরা। বুধবার (৩০ জুন) বিশ্রামে কাটানোর পর বৃহস্পতিবার থেকে শুরু হবে অনুশীলন।
মঙ্গলবার (২৯ জুন) স্থানীয় সময় রাত ৯টা ২০ ও বাংলাদেশ সময় রাত ২টা ২০ মিনিটে হারারেতে পা রাখে মুমিনুল হকের দল। বিমানবন্দরে নামার পরই সবার কোভিড টেস্ট করানো হয়।
বাংলাদেশ সর্বশেষ জিম্বাবুয়ে সফর করে ৮ বছর আগে। ২০১৩ টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে ড্র করলেও ওয়ানডে সিরিজে হেরে ফিরতে হয়েছে দেশে। এবারও তিন ফরম্যাটে খেলতে খেলতে পূর্ণশক্তির দল নিয়ে যাচ্ছে বাংলাদেশ।
তবে এই দলের সঙ্গে যাননি সাকিব আল হাসান ও সাদমান ইসলাম। তাদের পরে যোগ দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্পিন কোচ রঙ্গনা হেরাথ দোহায় ও ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স জোহানেসবার্গে দলের সঙ্গে যোগ দিয়ে হারারেতে পৌঁছান।
করোনাকালীন কোনো সফরে বাড়তি বিড়ম্বনা হয়ে দাঁড়ায় কোয়ারেন্টাইন। তবে জিম্বাবুয়ে সফরে কোনও কোয়ারেন্টাইন পালন করতে হবে না বাংলাদেশ দলকে।
৭ জুলাই দুই দলের একমাত্র টেস্টটি শুরু হবে। এর আগে ৩ ও ৪ জুলাই দুই দিনের প্রস্তুতি ম্যাচও খেলবেন ক্রিকেটাররা। ১৬, ১৮ ও ২০ জুলাই হবে তিন ওয়ানডে। ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টোয়েন্টিতে লড়বে দুই দল। সব ম্যাচ হবে হারারে স্পোর্টস ক্লাবের মাঠে।
টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মোহাম্মদ সাইফ হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।
ঢাকা/রিয়াদ