নিউ জিল্যান্ডকে ভোগালেন রাবাদা-মহারাজা
ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম
রাবাদা-মহারাজায় নিউ জিল্যান্ড বিপদে
দিন শেষে নিশ্চয় একজন স্পেশালিস্ট স্পিনারের অভাববোধ করছে নিউ জিল্যান্ড। বড় লক্ষ্য দেওয়ার পর তাদের বিপদে ফেলতে নেতৃত্ব দিয়েছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে ৪২৬ রানের লক্ষ্যে নেমে ৪ উইকেটে ৯৪ রানে চতুর্থ দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা।
১-০ তে এগিয়ে থাকা নিউ জিল্যান্ডকে আরো তিন সেশন ব্যাট করতে হবে ৬ উইকেট নিয়ে। কাজটা কঠিনই। যদিও ডেভন কনওয়ে হাফ সেঞ্চুরি করে দেয়াল গড়েছেন প্রোটিয়াদের স্পিন ও পেস আক্রমণের বিরুদ্ধে, তার সঙ্গে ক্রিজে টম ব্লান্ডেল। স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে এখন কেবল আছেন কলিন ডি গ্র্যান্ডহোম। এছাড়া ব্যাটিংয়ের অপেক্ষায় কাইল জেমিসন, টিম সাউদি, নিল ওয়াগনার ও ম্যাট হেনরি।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) আগের দিনের সঙ্গে আরো ২২৪ রান যোগ করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। ৫ উইকেটে ১৪০ রানে খেলতে নেমে তারা থামে ৯ উইকেটে ৩৫৪ রান করে।
কাইল ভেরিয়েন্নের অভিষেক সেঞ্চুরি এবং তার সঙ্গে উইয়ান মুলডার ও কাগিসো রাবাদার সামন ৭৮ রানের জুটিতে রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। ১৮৭ বলে ১৬ চার ও ১ ছয়ে ১৩৬ রানে অপরাজিত ছিলেন ভেরিয়েন্নে।
রাবাদা অল্পের জন্য হাফ সেঞ্চুরি করতে পারেননি। ৪৭ রান করেন তিনি। মুলডারের ব্যাট থেকে আসে ৩৫ রান।
নিউ জিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন টিম সাউদি, ম্যাট হেনরি, জেমিসন ও ওয়াগনার।
বড় লক্ষ্যে নেমে ১৩ বলের মধ্যে উইল ইয়াং (০) ও টম ল্যাথামকে (১) ফেরান রাবাদা। ৬ রানের মধ্যে ২ উইকেট হারানো নিউ জিল্যান্ড পরে কাবু হয় মহারাজার ঘূর্ণিতে। হেনরি নিকলস ৭ রানে তার কাছে বোল্ড হন। ড্যারেল মিচেলকে (২৪) ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন মহারাজা।
কনওয়ে ৬০ রানে অপরাজিত আছেন, তার সঙ্গে ১ রানে খেলছেন ব্লান্ডেল।
রাবাদা ও মহারাজা সমান দুটি করে উইকেট নেন।
ঢাকা/ফাহিম