শারমিনের আক্ষেপ, ইংল্যান্ডের কাছে হার মেয়েদের
ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম
প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে খেলার রোমাঞ্চ বাংলাদেশের নারী ক্রিকেটারদের মনে। কিন্তু তার প্রস্তুতি মোটেও ভালো হলো না। সোমবার লিংকনে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে তারা হেরেছে ১০৯ রানে।
টস জিতে বাংলাদেশ ফিল্ডিং নেয়। প্রথম উইকেট পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে ১৪তম ওভার পর্যন্ত। ট্যামি বিউমন্টকে ৩৮ রানে সুরাইয়া আজমিনের ক্যাচ বানান নাহিদা আক্তার। আরেক ওপেনার লরেন উইনফিল্ড হিল হাফ সেঞ্চুরি করে দলকে একশ রানে রেখে বিদায় নেন। ৫৫ রানে তিনি এলবিডাব্লিউ হন রিতু মনির বলে।
অধিনায়ক হিদার নাইটকে বেশিদূর এগোতে দেয়নি বাংলাদেশ। ২৭ রানে তাকে বোল্ড করেন লতা মন্ডল। এরপর দলকে তিনশ পার করার ভিত গড়ে দেনন্যাট স্কিভার। দলীয় ২৯৯ রানে তিনি রুমানা আহমেদের শিকার হন ১০৮ রান করে।
এছাড়া এমি জোন্স ২২ ও এম্মা ল্যাম্ব ২৮ রান করেন। ইংল্যান্ড ৯ উইকেটে করে ৩১০ রান।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেন নাহিদা। দুটি করে পান সুরাইয়া ও রিতু।
লক্ষ্য ছিল বিশাল, সঙ্গে অনভিজ্ঞতা। সব মিলিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতা ছিল প্রবল। যদিও শারমিন আক্তার সেঞ্চুরির পথে ছিলেন। কিন্তু ৮১ রানে হন রান আউট। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন ওপেনার শামিমা সুলতানা। আর কোনো ব্যাটসম্যান ২০ এর ঘরে রান করতে পারেননি। ৪৯.৪ ওভারে ২০১ রানে অলআউট বাংলাদেশ।
ইংল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নেন ফ্রেয়া ডেভিস, স্কিভার ও চার্লি ডিন।
ঢাকা/ফাহিম