ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খেললো সৌদি, জিতলো পোল্যান্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৩, ২৬ নভেম্বর ২০২২   আপডেট: ২১:১৩, ২৬ নভেম্বর ২০২২
খেললো সৌদি, জিতলো পোল্যান্ড

গোল মিসের মহড়া দিয়ে গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে হারলো সৌদি আরব। এজুকেইশন সিটি স্টেডিয়ামে এদিন পোল্যান্ড তাদের হারিয়েছে ২-০ গোলে। অবশ্য পুরো সময় জুড়ে খেলেছে সৌদি, জিতেছে পোল্যান্ড। ম্যাচের ৬৪ শতাংশ বলের দখল ছিল তাদের কাছে। ১৬টা শট নিয়েছিল তারা গোল পোস্টের দিকে। তার মধ্যে ৫টি ছিল অন টার্গেটে। এমনকি প্রথমার্ধে পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি তারা। পক্ষান্তরে পোল্যান্ড শট নিয়েছিল ৯টি। তার মধ্যে মাত্র ৩টি ছিল অন টার্গেটে। সেখান থেকে গোল হয় দুটি। সৌদি আরব যতগুলো সুযোগ তৈরি করেছে তার সামান্য কিছুও যদি কাজে লাগাতে পারতো তাহলে ম্যাচের ফল ভিন্ন হতে পারতো।

লেভানডোফস্কির গোলে ২-০ ব্যবধানে এগিয়ে পোল্যান্ড:

আরো পড়ুন:

সৌদি আরবের রক্ষণভাগের খেলোয়াড়ের ভুলে ম্যাচের ৮৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় পোল্যান্ডের। এ সময় বক্সের সামনে রক্ষণভাগের খেলোয়াড়ের পা ফসকে চলে আসা বলের নিয়ন্ত্রণ নেন লেভানডোফস্কি। সৌদির গোলরক্ষক কিছুটা এগিয়ে আসেন। ঠাণ্ডা মাথায় তাকে পরাস্ত করে বল জালে জড়ান বার্সেলোনার এই ফরোয়ার্ড। এটা ছিল বিশ্বকাপের মঞ্চে তার প্রথম গোল আর বিশ্বকাপের ইতিহাসে ২৬০০তম গোল।

সুযোগ মিসের মহড়া দিচ্ছে সৌদি:

প্রথমার্ধে পেনাল্টি মিস করাসহ সুযোগ মিসের মহড়া দেয় সৌদি আরব। দ্বিতীয়ার্ধে তাদের সুযোগ মিসের মহড়া অব্যাহত রয়েছে। ম্যাচের ৫৪ মিনিটে জটলার মধ্যে গোলের দারুণ সুযোগ পেয়েছিল সৌদি আরব। দাওসারির নেওয়া শট পোল্যান্ডের গোলরক্ষক সেজেসনির পায়ে লেগে ফেরে। এরপর আরও দুইবার চেষ্টা করেও জালে জড়াতে পারেনি সৌদি আরবের খেলোয়াড়রা। শেষ পর্যন্ত পেনাল্টি বক্স থেকে ক্লিয়ার হয়ে বল যায় ডি বক্সের বাইরে। সেখান থেকে শট নেন সালেম। সেটি বেশ উপর দিয়ে লক্ষ্যহীনভাবে উড়ে যায়। এরপর ৬০ ও ৬১ মিনিটে আরও দুটি সুযোগ মিস করেন ফেরাস আল ব্রিকান ও মোহাম্মদ কান্নো।

পেনাল্টি মিসে পিছিয়ে সৌদি আরব:

পোল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে দারুণ খেলেছে সৌদি আরব। ম্যাচের ৫৯ শতাংশ বলের দখল ছিল দ্য গ্রিন ফ্যালকনদের কাছে। তারা শট নিয়েছিল চারটি। তার মধ্যে তিনটিই অন টার্গেটে। গোল হয়নি একটিও। তার ওপর পেনাল্টি মিস করেন আগের ম্যাচের নায়ক সালেম আল দাওসারি। দুই দফায় চেষ্টা করেও গোল দিতে পারেনি তারা। সেটার কৃতিত্ব দিতে হবে পোল্যান্ডের গোলরক্ষক সেজেসনিকে। তাতে ৩৯ মিনিটে পাল্টা আক্রমণ থেকে পিওতর জিলিনিস্কির গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় পোলিশরা। 

পেনাল্টি মিসে পিছিয়ে সৌদি আরব:

ম্যাচের ৪৩ মিনিটে পেনাল্টি পায় সৌদি আরব। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন সালেম আল দাওসারি। তার নেওয়া শট ডানদিকে ঝাপিয়ে পড়ে রুখে দেন পোল্যান্ডের গোলরক্ষক সেজেসনি। তার ফিরিয়ে দেওয়া বল সামনে পান মোহাম্মদ আল-বুরাইক। তিনি শট নেন। তার নেওয়া শট কর্নারের বিনিময়ে রুখে দেন পোল্যান্ডের গোলরক্ষক।

জিলিনিস্কির গোলে এগিয়ে পোল্যান্ড:

ম্যাচের ৩৯ মিনিটে পাল্টা আক্রমণে গোল করে পোল্যান্ড। এ সময় ডি বক্সের সামনে থেকে পিওতর জিলিনেস্কি বুলেট গতির শটে সৌদির গোলরক্ষক আল ওয়েসকে পরাস্ত করে গোল করেন।

গোল বাঁচালেন পোল্যান্ডের গোলরক্ষক, সৌদি পেল দ্বিতীয় কর্নার:

ম্যাচের ১৩ মিনিটে গোলের দারুণ সুযোগ তৈরি করেছিল সৌদি আরব। এ সময় ডানদিক থেকে আক্রমণে ওঠেন মোহাম্মদ কান্নো। তার নেওয়া শট লাফিয়ে উঠে কর্নারের বিনিময়ে রক্ষা করেন পোল্যান্ডের গোলরক্ষক। দ্বিতীয় কর্নার পায় সৌদি আরব।

প্রথম কর্নার পেল সৌদি আরব:

ম্যাচের অষ্টম মিনিটে প্রথম কর্নার পায় সৌদি আরব। এসময় সৌদির ফরোয়ার্ডের নেওয়া শট পোল্যান্ডের রক্ষণভাগের খেলোয়াড় গ্রজেগর্জ ক্রাইচোয়াকের গায়ে লেগে বাইরে চলে যায়। কর্নার পায় গ্রিন ফ্যালকনরা। তবে কর্নার থেকে সুযোগ তৈরি করতে পারেনি তারা।

সৌদি আরবের একাদশ:

মোহাম্মদ আল-ওয়েস, আলি আল-বুলাইহি, আবদুল্লাহ আল-আমরি, আবদুল্লাহ আল-মালকি, মোহাম্মদ আল-বুরাইক, সৌদ আবদুলহামিদ, মোহাম্মদ কান্নো, সামি আল-নাজি, সালেম আল-দাওসারি, ফেরাস আল-ব্রিকান ও সালেহ আল-শেহরি।

পোল্যান্ডের একাদশ:

সেজেসনি, কামিল গ্লিক, জ্যাকব কিভিওর, বার্তোস বেরেসজিনস্কি, গ্রজেগর্জ ক্রাইচোয়াক, ক্রিস্টিয়ান বিয়েলিক, পিওতর জিলিনস্কি, প্রজেমিস্লাও, ফ্রাঙ্কোস্কি, ম্যাটি ক্যাশ, রবার্ট লেওয়ানডোস্কি ও আরকাদিউস মিলিক।

বিশ্বকাপের ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে সৌদি আরব। এজুকেইশেন সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হয়েছে ম্যাচটি। যা সরাসরি দেখা যাচ্ছে বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টসে।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে দারুণ সূচনা করে দ্য গ্রিন ফ্যালকনরা। গড়ে নতুন ইতিহাস। তবে এখানেই থেমে থাকতে রাজি নয় তারা। আজ পোল্যান্ডকে হারিয়ে আরও একটি আরব্য রজনীর গল্প লিখতে চায় উজ্জীবিত সৌদি আরব।

অবশ্য আজ পোল্যান্ডের বিপক্ষে জয় পেলে ১৯৯৪ সালের পর তারা নকআউট পর্বের টিকিট পাবে।

অবশ্য ইউরোপের দলগুলোর বিপক্ষে তাদের অতীত রেকর্ড মোটেও ভালো নয়। ১০ বার তাদের মুখোমুখি হয়ে জয় পেয়েছে মাত্র একটিতে। এমনকী জার্মানির কাছে ৮-০ গোলে হারার রেকর্ডও রয়েছে।

অন্যদিকে ১৯৮৬ সালের পর বিশ্বকাপের শেষ ষোলোতে যেতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই পোল্যান্ডের।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়