আপনাদের কাছে সহজ মনে হয়েছে, আমি কষ্ট করে ব্যাটিং করেছি: শান্ত
বাইরে থেকে মনে হয়েছিল যে অাফগানিস্তানের বোলিং একেবারেই সাদামাটা, নির্বিষ। কিন্তু ভেতরের খবর ভিন্ন। সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত জানালেন, রান করতে কষ্ট করতে হয়েছে তাকে। কিন্তু তার স্কোরিং দেখে বোঝা যাচ্ছিল না কষ্ট করেছেন। কারণ, প্রচুর আলগা বল পেয়েছেন। কালেভাদ্রে বোলারা একটা-দুইটা ডেলিভারি ভালো করেছেন।
আফগানিস্তান বোলারদের বিপক্ষে ব্যাটিং করা সহজ ছিল কি না প্রশ্নে সাংবাদ মাধ্যমে শান্তর সোজাসাপ্টা জবাব, ‘আপনাদের কাছে মনে হয় সহজ মনে হয়েছে। কিন্তু প্রথম থেকেই আমাকে কষ্ট করে ব্যাটিং করতে হয়েছে।’
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টের প্রথম দিন বুধবার (১৪ জুন) শান্তর সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ ৫ উইকেটে ৩৬২ রান করে। যা মিরপুরে প্রথম দিনে দলীয় সর্বোচ্চ রেকর্ড।
‘আমার কাছে সহজ মনে হয়নি। আমি যে পরিল্পনায় ব্যাটিং করার চেষ্টা করছিলাম ওটা শুধু বাস্তাবায়ন করার চেষ্টা করেছি, ক্লিয়ার মানসিকতা ছিল একদম আমি কি করতে চাই’ -আরও যোগ করেন এই বাঁহাতি ব্যাটসম্যা।
শান্তর শুরুটা হয় ইনিংসের দ্বিতীয় ওভারে। ওপেনার জাকির হাসান ফিরে গেলে ক্রিজে আসেন। পরের ওভার থেকে আক্রমণের শুরু। আউট হওয়া পর্যন্ত একইভাবে ব্যাটিং করে গেছেন। সেঞ্চুরি করেন মাত্র ১১৮ বলে। চারের মার ছিল ১৮টি। অর্থ্যাৎ ৭২ রানই এসেছে চার থেকে। শেষ পর্যন্ত শান্ত আউট হন ১৪৬ রান করে। ১৪৩ রানে জীবন পেয়েছিলেন, তবে ৩ রানের বেশি করতে পারেননি।
যেভাবে শান্ত ব্যাট করছিলেন মন হচ্ছিল ডাবল সেঞ্চুরি খুব সহজেই পেয়ে যাবেন। ম্যাচ শেষে ইনিংস বড় করতে না পারার আক্ষেপও শোনা গেলো শান্তর কণ্ঠে, ‘হ্যাঁ, এই ইনিংসটা আরও বড় হতে পারতো, পরবর্তীতে এমন সুযোগ আসলে চেষ্টা করবো বড় করার।’
গরমের কারণে ছিল কিছুটা অস্বস্তি। তবে সেটি যেহেতু নিজেদের নিয়ন্ত্রণে নেই সেটি নিয়ে ভাবতেও চান না। শান্ত কৃতিত্ব দিলেন অনুশীলনকে। জানান অনুশীলনে গরমে মানিয়ে খেলার কাজ করা হয়েছে। শান্তর কাছে উইকেটও সহজ মনে হয়নি।
‘আমাদের ড্রেসিংরুমের পরিবেশ খুবই ভালো। আমার মনে হয় সবাই অনেক বেশি আত্মবিশ্বাসী। যতটা সহজ মনে হয়েছে ততটা সহজ নয় উইকেট। আমাদের বোলাররা ভালো জায়গায় বোলিং করতে পারলে ভালো সাহায্য পাবে উইকেট থেকে।’
বাংলাদেশ প্রথম ও দ্বিতীয় সেশনে ১টি করে উইকেট হারিয়েছে। প্রথম দুই সেশনে রান রেট ছিল সাড়ে চারের বেশি। তৃতীয় সেশনে রান হয়েছে ওভার প্রতি ৪.২৩ রান করে। এই সেশনে বাংলাদেশ ৩৪ রানে হারায় ৩ উইকেট। এরপর মুশফিকুর রহিম-মেহেদি হাসান মিরাজ ফিফটির জুটি গড়ে দিন শেষ করে আসেন।
‘এখন যে অবস্থায় আছি, আমরা প্রথম ইনিংসটা নিয়ে এখন চিন্তা করি। যেভাবে মিরাজ ও মুশফিক ভাই ব্যাটিং করছেন, এই জুটিটা যদি বড় করতে পারি তাহলে আমাদের টিম ভালো অবস্থায় যাবে’-এভাবে বলেছেন শান্ত।
রিয়াদ/আমিনুল