ঢাকা     বুধবার   ২৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১২ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জুন মাসের মধ্যে যুদ্ধ বন্ধের আল্টিমেটাম দিয়েছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৫, ৭ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৮:০৯, ৭ ফেব্রুয়ারি ২০২৬
জুন মাসের মধ্যে যুদ্ধ বন্ধের আল্টিমেটাম দিয়েছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: এপি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ৪ বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ইউক্রেন ও রাশিয়াকে আগামী জুন মাসের মধ্যে একটি শান্তিচুক্তিতে পৌঁছানোর সময়সীমা বেঁধে দিয়েছেন। শুক্রবার কিয়েভে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তথ্যটি আজ শনিবার প্রকাশের অনুমতি দেওয়া হয়। খবর এপির। 

জেলেনস্কি বলেন, “আমেরিকানরা প্রস্তাব করছে যে, এই বছরের গ্রীষ্মের শুরুর মধ্যেই যেন পক্ষগুলো যুদ্ধ শেষ করে। ট্রাম্প প্রশাসন সম্ভবত এই নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী উভয় পক্ষের ওপর চাপ প্রয়োগ করবে।”

আরো পড়ুন:

তিনি বলেন, “মার্কিন আলোচকরা বলছে যে, তারা জুনের মধ্যে সবকিছু সম্পন্ন করতে চায় এবং যুদ্ধ শেষ করার জন্য তারা সব ধরনের চেষ্টা করবে। তারা একটি স্পষ্ট সময়সূচি চায়।”

জেলেনস্কি আরো জানান, শান্তি আলোচনার অংশ হিসেবে আগামী সপ্তাহে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে একটি ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। বৈঠকটি ফ্লোরিডার মিয়ামিতে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “আমরা আমাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছি।”

ইউক্রেনের প্রেসিডেন্ট দাবি করেন, রাশিয়া যুক্তরাষ্ট্রের কাছে ১২ ট্রিলিয়ন ডলারের একটি বিশাল অর্থনৈতিক প্রস্তাব পেশ করেছে। এটিকে তিনি রুশ দূত কিরিল দিমিত্রিভের নামানুসারে ‘দিমিত্রিভ প্যাকেজ’ বলে অভিহিত করেন। এই দ্বিপাক্ষিক অর্থনৈতিক চুক্তিগুলো সামগ্রিক আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হচ্ছে।

এদিকে, শান্তি আলোচনার খবরে মধ্যেই আজ শনিবার ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। ৪ শতাধিক ড্রোন ও প্রায় ৪০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়।

ইউক্রেনের রাষ্ট্রীয় জ্বালানি সঞ্চালন সংস্থা ইউক্রেনারগোর তথ্যানুসারে, জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এটি চলতি বছরে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম হামলা। এর ফলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদন কমাতে বাধ্য হয়েছে। আটটি অঞ্চলের আটটি স্থাপনা হামলার শিকার হয়েছে।

ইউক্রেনারগো জানায়, এই হামলার ফলে তীব্র শীতের এই সময়ে দেশজুড়ে বিদ্যুৎ ঘাটতি ব্যাপকভাবে বেড়েছে, লোডশেডিংয়ের সময়সীমা বাড়ানো হয়েছে।

যুক্তরাষ্ট্র জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করে একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও জেলেনস্কি রাশিয়ার বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানান, এর আগে এক সপ্তাহের যুদ্ধবিরতির কথা থাকলেও রাশিয়া মাত্র চার দিনের মাথায় তা লঙ্ঘন করেছিল।

আবুধাবিতে যুক্তরাষ্ট্র-মধ্যস্থতায় সম্প্রতি অনুষ্ঠিত ত্রিপক্ষীয় আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায়, ট্রাম্প প্রশাসন এবার জুনের মধ্যে যুদ্ধ বন্ধের নতুন এই সময়সীমা নির্ধারণ করে দিলো। 

পূর্ববর্তী ত্রিপক্ষীয় আলোচনা বড় ধরনের কোনো সাফল্য বয়ে আনতে পারেনি কারণ শান্তিচুক্তির পথে প্রধান বাধাগুলো হলো- রাশিয়া দাবি করছে, ইউক্রেন যেন দনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে। তবে জেলেনস্কি স্পষ্টভাবে বলেছেন, ইউক্রেন তাদের অবস্থান থেকে এক চুলও নড়বে না। এছাড়া রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা নিয়েও কোনো ঐকমত্য হয়নি।

জেলেনস্কি বলেন, “কঠিন বিষয়গুলো কঠিনই রয়ে গেছে। সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়গুলো শীর্ষ নেতাদের ত্রিপক্ষীয় বৈঠকের জন্য রাখা হবে।”

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়