ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

বৃষ্টির চোখ রাঙানি প্রথম ওয়ানডেতে

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৪, ২১ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ০৯:৫৪, ২১ সেপ্টেম্বর ২০২৩
বৃষ্টির চোখ রাঙানি প্রথম ওয়ানডেতে

আকাশের কি আজও মন খারাপ থাকবে? বৃষ্টি হয়ে ঝরবে লুকোনো কষ্ট! আকাশের সাথে সাথে সমস্ত প্রকৃতিও কি কাঁদবে অঝোর ধারায়। কান্নায় কান্নায় ভিজে যাবে লতা-পাতা-রাস্তা-ঘাট-নদী-নালা-মাঠ। যদি এমনটা হয় তাহলে বৃষ্টির পেটে যাবে বাংলাদেশ ও নিউ জিল‌্যান্ডের মধ‌্যকার প্রথম ওয়ানডে। 

আরো পড়ুন:

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হওয়ার কথা দুই দলের ব‌্যাট-বলের যুদ্ধ। তবে এই যুদ্ধে পানি ঢেলে দিতে পারে বেরসিক বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস, বৃষ্টির চোখ রাঙানি আছে। বুধবার থেমে থেমে বৃষ্টি হয়েছে সারাদিন। কখনো এক পাশলা বৃষ্টি ভিজিয়ে গেছে জনজীবন। বৃষ্টিতে ব্যাহত হয়েছে বাংলাদেশ ও নিউ জিল‌্যান্ডের অনুশীলন সেশন। ইনডোরে ক্রিকেটাররা যতটুকু পেরেছেন নিজেদের ঝালিয়ে নিয়েছেন। 

বৃহস্পতিবারও কালো মেঘ ছেয়ে থাকবে। সারাদিনই বৃষ্টির জোর সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, সন্ধ্যার আগে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশ। সন্ধ্যার পর তা কমে ৫০ শতাংশ। তাতে ধারনা করা যাচ্ছে বৃষ্টির দাপট চলবে মিরপুরের আকাশেও। প্রকৃতির ওপর কারো হাত নেই। তা মাথায় নিয়েই নিজেদের কাজ চালিয়ে নিচ্ছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ এজন‌্য গতকাল রাত পর্যন্ত একাদশ বাছাই করতে পারেনি। আজ টসের আগে উইকেটের অবস্থা, কন্ডিশন বুঝে বাছাই করবে সেরা ১১ জনকে। নিশ্চিতভাবে নিউ জিল‌্যান্ডও এমন কিছু করবে।

উইকেট গতকাল প্রায় পুরোটা সময় কভার দিয়ে ঢাকা ছিল। সূর্যের তাপ না পাওয়ায় উইকেট কেমন হবে তা অনুমান করা যাচ্ছে না। তবে মিরপুরের সহজাত স্লো অ‌্যান্ড টার্ণ উইকেট হওয়ারই সম্ভবনা বেশি। সেক্ষেত্রে বাংলাদেশের একাদশে বাড়তি একজন স্পিনার দেখলে অবাক হওয়ার থাকবে না। ২০১৫ বিশ্বকাপের পর থেকে ওয়ানডেতে দুর্দান্ত এক সময় কাটিয়েছে বাংলাদেশ। তবে নিউ জিল‌্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে রেকর্ডটা আরো শক্তিশালী বাংলাদেশের। 
১৩ বছর ধরে কিউইদের বিপক্ষে ঘরের মাঠে কোনো ওয়ানডে হারেনি বাংলাদেশ। বাংলাদেশ সফরে সর্বশেষ ২০০৮ সালে নিউ জিল‌্যান্ড সিরিজ জিতেছিল ২-১ ব‌্যবধানে। এরপর ২০১০ সালে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে জেতে বাংলাদেশ। সর্বশেষ ২০১৩ সালে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল নিউ জিল্যান্ড। পরিসংখ‌্যান যে বার্তা দিচ্ছে তাতে স্পষ্ট নিউ জিল‌্যান্ডকে আজ জিততে হলে কঠিন পরীক্ষা দিতে হবে।  

দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছে বাংলাদেশ। দলে ফিরিয়ে আনা হয়েছে তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদের মত অভিজ্ঞ খেলোয়াড়দের। সাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন দাশ। নিউ জিল‌্যান্ডও বিশ্বকাপের আগে একাধিক নিয়মিত ক্রিকেটারকে বিশ্রামে পাঠিয়ে তরুণ দল নিয়ে এসেছে। ফলে তিন ম‌্যাচের এই সিরিজে লড়াইটা হবে সেয়ানে সেয়ানে।

৩৮ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নিউ জিল্যান্ড। এর মধ্যে ২৮ জয় কিউইদের, বাংলাদেশের মাত্র ১০টি। তিন ম‌্যাচের এই সিরিজের ফল কাদের সাফল‌্যের পাল্লা ভারী করে সেটাই দেখার। 

ঢাকা/ ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়