ঢাকা     মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মোস্তাফিজের ফেরার ম্যাচে জয়ে ফিরল চেন্নাই

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:১১, ৯ এপ্রিল ২০২৪   আপডেট: ০৮:২৯, ৯ এপ্রিল ২০২৪
মোস্তাফিজের ফেরার ম্যাচে জয়ে ফিরল চেন্নাই

আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কয়েকবারই রবীন্দ্রর জাদেজার উইকেট পেয়েছেন মোস্তাফিজুর রহমান। এবার তার হাত থেকেই মোস্তাফিজ পেলেন পার্পেল ক্যাপ। আইপিএলের শীর্ষ উইকেট শিকারির মাথায় শোভা পায় এই ক্যাপ। 

সোমবার চেন্নাই সুপার কিংসের জার্সিতে ২ উইকেট নিয়ে এবারের আইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি বাঁহাতি পেসার। চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে এক ম্যাচ পর একাদশে ফেরেন মোস্তাফিজ। শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মোস্তাফিজ খেলতে পারেননি। দেশে ফিরে এসেছিলেন যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়ার কাজে। 

আরো পড়ুন:

দলে ফিরে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বল হাতে কিপটেমি করেছেন। ৪ ওভারে ২২ রান দিয়েছেন। ২ উইকেট তো পেয়েছেন-ই সঙ্গে মহামূল্যবান ডট করেছেন ১৬টি। যা ছিল দলের হয়ে সর্বোচ্চ।

মোস্তাফিজের দ্যুতি ছড়ানো ম্যাচে জয় পেয়েছে চেন্নাইও। আগে ব্যাটিং করতে নেমে কলকাতা মাত্র ১৩৭ রান জমা করতে পারে। জবাবে চেন্নাইয়ের অধিনায়ক রিতুরাজ গায়কোয়াড়ের অপরাজিত ফিফটিতে ৭ উইকেটে জয় তুলে নেয়। এ জয়ে ঘরের মাঠে টানা তিন ম্যাচ জিতল চেন্নাই। সব মিলিয়ে পাঁচ ম্যাচে তাদের তৃতীয় জয়। 

মোস্তাফিজ দুর্দান্ত বোলিং করলেও চেন্নাইয়ের জয়ের নায়ক রবীন্দ্রর জাদেজা। বাঁহাতি স্পিনার ১৮ রানে ৩ উইকেটের সঙ্গে ২টি ক্যাচ নেন। 

ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে পান মোস্তাফিজ। প্রথম দুটি বলে আসে এক রান করে। তৃতীয় বলে ছিল ডট। চতুর্থ বল বেরিয়ে এসে চার মারেন রাঘুবানশি। শেষ দুই বলে ডানহাতি ব্যাটসম্যানকে স্লোয়ারে বিভ্রান্ত করেন মোস্তাফিজ। 

এরপর  পাওয়ার প্লে’র শেষ ওভারে বোলিংয়ে ফিরে প্রথম বলে ওই রাঘুবানশি চার হাঁকান পয়েন্ট দিয়ে। এরপর আবার নিয়ন্ত্রিত মোস্তাফিজের বল। পাওয়ার প্লে’তে ২ ওভারে ১২ রান দিয়ে কোনো উইকেট পাননি। 

১৮তম ওভারে বাংলাদেশি তারকা পেসার যখন বোলিংয়ে ফেরেন তখন কলকাতার রান ৬ উইকেটে ১১৩। ওই সময়ে ক্রিজে ছিলেন ক্যারিবিয়ান হার্ডহিটার আন্দ্রে রাসেল। কিন্তু তাকেও আটকে রাখেন তিনি। প্রথম দুই বল ডট। এরপর নো বলে চার হজম করলেও ফ্রি হিটে কোনো রান দেননি। চতুর্থ বলও ডট। পঞ্চম বলে উইকেট পেতে পারতেন। কিন্তু উইকেটের পেছনে বল গ্লাভসে জমাতে পারেননি মাহেন্দ্র সিং ধোনি। ডেথ ওভারে প্রথম পরীক্ষায় পাশ করা মোস্তাফিজ খরচ করেন ৯ রান।  

শেষ ওভারে প্রথম বলেই কলকাতার অধিনায়ক ও সর্বোচ্চ স্কোরার শ্রেয়াস আইয়ারকে (৩৪) ফিরিয়ে দেন মোস্তাফিজ। পরের দুই বল ডটের পর চতুর্থ বলে মিচেল স্টার্ক আউট। মোস্তাফিজ এই উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে যান। পঞ্চম বলে আসে এক রান। শেষ বলে বাই থেকে আরো এক রান।

অসাধারণ বোলিংয়ে মোস্তাফিজ দলের লক্ষ্যকে নাগালের বাইরে যেতে দেননি। যা ব্যাটসম্যানরা অনায়েসে ছুঁয়ে ফেলে। গায়কোয়াড় ৫৮ বলে ৬৭ রান করেন ৯ চারে। এছাড়া ডার্ল মিচেল ২৫ এবং শিভাম দুবের ব্যাট থেকে আসে ২৮ রান।

৪ ম্যাচে মোস্তাফিজ ১২৮ রানে ৯ উইকেট পেয়েছেন। যেখানে তার ইকোনমি ৮.০০, স্ট্রাইক রেট ১০.৬৬।

ঢাকা/ইয়াসিন 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়