আসছে নারীদের বিপিএল
নারী ক্রিকেটারদের দীর্ঘদিনের চাওয়া ছিল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট প্রতিযোগিতার। ফ্র্যাঞ্চাইজি না হোক, নির্দিষ্ট একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের দাবি ছিল অনেক দিনের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দিয়েছিল আশ্বাস। প্রতিশ্রুতি রাখতে পারেনি। সেই অপেক্ষা এবার শেষ হতে চলল।
আনুষ্ঠানিকভাবে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ডব্লিউবিপিএল) আয়োজনের ঘোষণা দিয়েছে বিসিবি। তিনটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী ৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত হবে ডব্লিউবিপিএলের ম্যাচগুলো। প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে স্থানীয় ক্রিকেটারদের নেবে দলগুলো। বিদেশি ক্রিকেটার কতজন নেওয়া যাবে, ফ্র্যাঞ্চাইজি কীভাবে বাছাই করা হবে; এসব এখনো চূড়ান্ত হয়নি।
আগামী জুনে ইংল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টুর্নামেন্টে যাওয়ার ঠিক আগে নারী বিপিএল ক্রিকেটারদের সাহায্য করবে। ডব্লিউবিপিএলের গভর্নিং কাউন্সিলের প্রধান করা হয়েছে বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান রুবাবা দৌলাকে। টুর্নামেন্টের সাংগঠনিক সব দিক দেখভাল করবে এই কাউন্সিলর। ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করা, ড্রাফটের নিয়ম, টুর্নামেন্টের ফরম্যাট, সূচি, ভেন্যু, সম্প্রচার ও বাণিজ্যিক চুক্তি সংক্রান্ত বাকি সবকিছু যথা সময়ে জানানো হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ঢাকা/ইয়াসিন/আমিনুল