জিরোনার কাছে হেরে রিয়ালের পেছনে পড়ল বার্সা
লা লিগার শীর্ষে ফেরার সুযোগ হাতছাড়া করল বার্সেলোনা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দুই কাতালান প্রতিদ্বন্দ্বীর রোমাঞ্চকর লড়াইয়ে শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে জিরোনা। ফলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পেছনে দুই পয়েন্ট দূরত্বেই আটকে থাকল বার্সা।
ম্যাচটা শুরু থেকেই ছিল আক্রমণ-পাল্টা আক্রমণে ভরপুর। একদিকে রাফিনিয়া, অন্যদিকে ভ্লাদিস্লাভ ভানাত। তাদের দুজনের পারফরম্যান্সে দু’দলই গোলের কাছে গিয়েও ফিরেছে হতাশ হয়ে। প্রথমার্ধের শেষ মুহূর্তে বার্সা পেনাল্টি পায়। কিন্তু তরুণ লামিনে ইয়ামালের শট পোস্টে লেগে ফিরে আসে। সেই মুহূর্তটাই যেন ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
বিরতির পর ৫৯ মিনিটে জুল কুন্দের বক্সে ভাসানো বলে মাথা ছুঁইয়ে শীর্ষ কোণে পাঠান পাও কুবার্সি। এগিয়ে যায় বার্সা। তবে আনন্দ বেশিক্ষণ টেকেনি। মাত্র দুই মিনিট পর ভানাতের নিচু ক্রসে সহজ ট্যাপে সমতা ফেরান টমাস লেমার।
এরপর থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় জিরোনা। বার্সা গোলরক্ষক জোয়ান গার্সিয়া একের পর এক দুর্দান্ত সেভ করে দলকে বাঁচানোর চেষ্টা করেন। রোকার হেড, সিগানকভের শট- সবই রুখে দেন তিনি। এমনকি এক পর্যায়ে টানা দুই সেভ করে দর্শকদের হাততালি কুড়ান। কিন্তু শেষরক্ষা হয়নি।
৮৬ মিনিটে ফ্রান বেলত্রান নিচু শটে বল জালে জড়িয়ে দেন। গোলের আগে কুন্দে ফাউলের শিকার হয়েছেন বলে বার্সা প্রতিবাদ জানালেও সিদ্ধান্ত বদলায়নি। শেষ দিকে রবার্ট লেভানডোভস্কির একটি গোল অফসাইডে বাতিল হয়। যোগ করা সময়ে কঠিন ট্যাকলের জন্য জোয়েল রোকা লাল কার্ড দেখেন। জিরোনা শেষ করে ১০ জন নিয়ে। তবু জয় নিশ্চিত করে ফেলে তারা।
এর আগে কোপা দেল রে-তে আতলেতিকো মাদ্রিদের কাছে হারার পর এটি বার্সার টানা দ্বিতীয় পরাজয়। ফলে শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করে হানসি ফ্লিকের দল। অন্যদিকে শনিবার রিয়াল সোসিয়েদাদের হারিয়ে শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ।
ঢাকা/আমিনুল