ঢাকা     সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পোলান্ডের পারমাণবিক অস্ত্র প্রয়োজন: প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৪, ১৬ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১০:১৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
পোলান্ডের পারমাণবিক অস্ত্র প্রয়োজন: প্রেসিডেন্ট

পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাওরোকি

পোল্যান্ডের নিজস্ব পারমাণবিক অস্ত্র কর্মসূচি গড়ে তোলা প্রয়োজন বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট কারোল নাওরোকি। ‘রাশিয়ার হামলার’ আশঙ্কার কথা উল্লেখ করে তিনি এই দাবি করেন। খবর রুশ সংবাদমাধ্যম আরটির। 

প্রতিবেদনে বলা হয়, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো দীর্ঘদিন ধরে তথাকথিত রাশিয়ান আগ্রাসনের অজুহাতে তাদের ব্যাপক সামরিক শক্তি বৃদ্ধি করে আসছে। তবে মস্কো এই ধরনের অভিযোগকে ‘ভিত্তিহীন আতঙ্ক’ ছড়ানো বলে প্রত্যাখ্যান করেছে।

আরো পড়ুন:

রবিবার (১৫ ফেব্রুয়ারি) পোলস্যাট নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নাওরোকি বলেন, তিনি ‘পোল্যান্ডের পারমাণবিক প্রকল্পে যোগদানের একজন কট্টর সমর্থক’।

পোলিশ প্রেসিডেন্ট আরও বলেন, "আমাদের এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে যাতে আমরা কাজ শুরু করতে পারি।” তবে পোলান্ড আসলেই এই প্রচেষ্টা চালিয়ে যাবে কি না, তা তিনি নিশ্চিত নন বলে জানান।

উল্লেখ্য, পোল্যান্ড ‘পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ’ চুক্তির অন্যতম সদস্য দেশ, যারা কেবল পাঁচটি (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও ফ্রান্স) দেশকে পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। 

এদিকে, পারমাণবিক অস্ত্র অর্জনের আলোচনা জার্মানিতে এখন আর কোনো নিষিদ্ধ বিষয় নয়। জার্মানিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই নেচায়েভ বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে বলেন, “এই বিষয়টি জার্মানির সংবাদমাধ্যমে ক্রমবর্ধমানভাবে আলোচিত হচ্ছে এবং রাজনীতিবিদ, এমপি, সামরিক কর্মকর্তা ও বিশেষজ্ঞদের মধ্যে এর সমর্থক বাড়ছে।” এটিতে তিনি খুবই উদ্বেগজনক একটি প্রবণতা হিসেবে অভিহিত করেছেন।

অন্যদিকে, গত ডিসেম্বরে জাপানের গণমাধ্যম দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির একজন সিনিয়র উপদেষ্টাকে উদ্ধৃত করে জানায়, জাপানের নিজস্ব পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার কথা বিবেচনা করা উচিত। এই মন্তব্য চীনের পক্ষ থেকে তীব্র সমালোচনার শিকার হয়।

রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ গত মাসে বলেছিলেন, ক্রমবর্ধমান বৈশ্বিক অস্থিতিশীলতার মধ্যে কিছু দেশ এই সিদ্ধান্তে পৌঁছাতে পারে যে সার্বভৌমত্ব ও আত্মরক্ষা নিশ্চিত করার একমাত্র পথ হলো পারমাণবিক অস্ত্র অর্জন।

তিনি বলেন, “বেশ কিছু দেশের সামরিক পারমাণবিক কর্মসূচি চালানোর প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে এবং কেউ কেউ এই ক্ষেত্রে গবেষণা চালিয়ে যাচ্ছে।”

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ছাড়াও ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়ার কাছে পারমাণবিক অস্ত্রাগার রয়েছে। এছাড়া ইসরায়েলের কাছেও অঘোষিত পারমাণবিক সক্ষমতা রয়েছে বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হয়।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়