ঢাকা     সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দিনাজপুরে আ.লীগ কার্যালয়ে নেতাকর্মীদের স্লোগান, অগ্নিসংযোগ

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৮, ১৬ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১০:৪০, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
দিনাজপুরে আ.লীগ কার্যালয়ে নেতাকর্মীদের স্লোগান, অগ্নিসংযোগ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা অফিসে প্রবেশ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন জুলাই যোদ্ধারা।

দিনাজপুর জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) কার্যালয়ে প্রবেশ করেছিলেন দলটির নেতাকর্মীরা। তারা সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে কার্যালয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন জুলাই যোদ্ধারা।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের বাসুনিয়াপট্টি এলাকার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

ভিডিওতে দেখা যায়, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ খালেদ হাবিব সুমন, সাংস্কৃতিক সম্পাদক রহমতুল্লাহ রহমত, সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সৈয়দ সালাহ উদ্দিন দিলীপ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রুহানা নিশাত বিথী, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, বীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুজ্জামান, পাল্টাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ কয়েকজন  দলীয় কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তারা নিজেদের মোবাইলে সেলফি তোলেন ও ভিডিও ধারণ করেন। পাশাপাশি ‘জয় বাংলা’, ‘হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ বলে স্লোগান দিতে থাকেন। কিছু সময় অবস্থান করে তারা চলে যান। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে বিকেল ৫টার দিকে জুলাইযোদ্ধা ব্যানারে কয়েকজন আওয়ামী লীগের কার্যালয়ে উপস্থিত হন। তারা সেখানে খড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের একটি ভিডিও নজরে এসেছে। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে নির্দেশনা দিয়েছি।”

২০২৪ সালের ৫ আগস্টের হামলা ও অগ্নিসংযোগের পর থেকে দিনাজপুর জেলা আওয়ামী লীগ ও কোতোয়ালি আওয়ামী লীগের দলীয় কার্যালয় দুটি বন্ধ রয়েছে। প্রায় দেড় বছর পর কার্যালয়ে প্রবেশ করে স্লোগান দেওয়া এবং সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় আলোচনা শুরু হয়েছে।

ঢাকা/মোসলেম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়