কুষ্টিয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
কুষ্টিয়ার মিরপুরে নজরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার পোড়াদহ ইউনিয়নের আহম্মদপুর গ্রামে তার ওপর হামলা হয়। তিনি একই গ্রামের ইনতাজ ফকিরের ছেলে।
এলাকাবাসী জানান, সোমবার রাত ৮টার দিকে নজরুল ইসলাম বাড়ির পাশের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় শাহ আলমের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে আহত করে। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে নজরুল ইসলামকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, “পোড়াদহে হামলার একটি ঘটনা ঘটেছে। একজন আহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/কাঞ্চন/মাসুদ