লক্ষ্মীপুরে পাচারের সময় ৩০০ বস্তা সার জব্দ
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পাচারকালে জব্দ হওয়া সার।
নদী পথে অবৈধভাবে পাচারকালে লক্ষ্মীপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ৩০০ বস্তা টিএসপি ও ডিএপি সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জড়িত থাকায় দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার মজুচৌধুরীরহাট ফেরিঘাট এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, একটি চক্র দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট ফেরিঘাট রুট ব্যবহার করে ভোলা ও বরিশালে অবৈধভাবে বিএডিসির সার পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাশের নেতৃত্বে ফেরিঘাট এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে একটি ইঞ্জিনচালিত ট্রলার ভর্তি ৩০০ বস্তা টিএসপি ও ডিএপি সার জব্দ হয়। পাচারকারী চক্রের নিয়ন্ত্রক হিসেবে পরিচিত দেলোয়ার হোসেনকে জরিমানার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ জানান, সার পাচার রোধে কৃষি অধিদপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষকের অধিকার রক্ষায় এবং সারের অবৈধ পাচার বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ