নরসিংদী ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার কারখানায় উৎপাদন বন্ধ
নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি কারখানা
গ্যাস সংকটের কারণে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি কারখানায় সার উৎপাদন বন্ধ রয়েছে। সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে বুধবার (৪ মার্চ) বিকেল থেকে কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ করা হয়েছে।
কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. ফখরুল আলম জানান, গ্যাস সরবরাহ না থাকায় উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। ফলে বাধ্য হয়েই কারখানার সার উৎপাদন বন্ধ রাখতে হয়েছে।
কারখানা সূত্রে জানা গেছে, উৎপাদন বন্ধ হওয়ার আগে সার কারখানাটি শতভাগ সক্ষমতায় চালু ছিল। উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় ২৮০০ মেট্রিক টন সার উৎপাদন ব্যাহত হচ্ছে। এ কারখানায় সার উৎপাদন সম্পূর্ণভাবে গ্যাসনির্ভর। গ্যাস সংকট দেখা দিলেই উৎপাদন কার্যক্রমে বিঘ্ন ঘটে। কারখানার গুদামে বর্তমানে প্রায় ৫ লাখ ২৫ হাজার মেট্রিক টন সার মজুত রয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কারখানাটিতে নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক ৭১ থেকে ৭২ পিএসআই গ্যাসের প্রয়োজন হয়। ৫২ থেকে ৫৩ পিএসআই গ্যাস পাওয়া গেলেও সীমিত আকারে উৎপাদন চালিয়ে রাখা সম্ভব। পর্যাপ্ত গ্যাস সরবরাহ পাওয়া গেলে দ্রুত সময়ের মধ্যে পূর্ণমাত্রায় উৎপাদনে ফেরা সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তবে কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানাতে পারেননি কারখানা কর্তৃপক্ষ।
এ বিষয়ে জানতে পলাশে অবস্থিত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি অফিসে যোগাযোগের চেষ্টা করা হলে সেখানে কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। পরে দায়িত্বরত ম্যানেজার আল আমিনের মোবাইল নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ঢাকা/হৃদয়/মাসুদ