বিশ্বকাপের আগে ঘরের মাঠে ও স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। চেষ্টাও ছিল তেমন। কিন্তু অভিজ্ঞতা না থাকায় বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের প্রত্যাশা মেটাতে পারেননি। আট দলের বিশ্বকাপে সাতে থেকে শেষ করেছিল। পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা পেয়েছিল দল। এরপর ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাকে প্রায় বাগে পেয়ে গিয়েছিল টাইগ্রেসরা। শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বীতা গড়ে বাংলাদেশ জয়ের পথেই ছিল। কিন্তু ১ রানে ৫ উইকেট হারিয়ে অবিশ্বাস্য হারের তিক্ত স্বাদ পায়। শেষ ম্যাচে ভারতের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগিতে শেষ হয় বিশ্বকাপ যাত্রা।
বিশ্বকাপের আগে বাংলাদেশ ছয় মাস কোনো আন্তর্জাতিক ম্যাচের স্বাদ পায়নি। প্রস্তুতিতে ঘাটতি ছিল তা বারবার বলেছিলেন বাংলাদেশের অধিনায়ক। বছর পেরিয়ে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় বাংলাদেশ। জুন-জুলাইয়ে বাংলাদেশ অংশ নেবে দশম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে। বাছাইপর্বে সাত ম্যাচের সাতটি জিতে অপরাজিত দল হিসেবে বাংলাদেশ পেয়ে গেছে বিশ্বকাপের টিকিট।
বিশ্বকাপ নিশ্চিতের পর দল থেকে বিসিবির কাছে চাওয়া ছিল আন্তর্জাতিক সিরিজ। বোর্ড সেই চাওয়া পূরণ করতে যাচ্ছে। ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বাংলাদেশ জাতীয় নারী দল ঘরের মাঠে একটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। সিলেট বা চট্টগ্রামে সিরিজটি আয়োজন করা হবে। এরপর স্কটল্যান্ড সফর করবে। স্কটল্যান্ডে খেলবে ত্রিদেশীয় সিরিজ। যেখানে প্রতিপক্ষ থাকবে নেদারল্যান্ডস ও স্বাগতিক স্কটল্যান্ড। বিশ্বকাপের ১৫-২০ দিন আগে হবে এই সিরিজ। বিসিবির নারী বিভাগের প্রধান রুবাবা দৌলা বুধবার বলেছেন, ‘‘বিশ্বকাপের বাছাই পর্বে মেয়েরা অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। সাত ম্যাচের প্রতিটি জিতেছে। আমরা খুব শিগগিরিই বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডে যাব। তার আগে আমরা যেটা করছি একটা হলো নারীদের বিপিএল, তারপরে কিন্তু একটা হোম সিরিজ হচ্ছে এখানে। এবং তারপরে আবার একটা ত্রিদেশীয় সিরিজ খেলবো। যেটা অনুমোদন হয়ে গেছে। ওদেরকে নিয়ে আমরা এভাবেই পরিকল্পনা করছি।’’
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে জুন-জুলাইয়ে হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। প্রথমবার ১২ দল নিয়ে অনুষ্ঠিত হবে আসর। মঙ্গলবার টুর্নামেন্টের গ্রুপ ও ফিক্সচার চূড়ান্ত করে ঘোষণা করেছে আয়োজকরা। বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস রয়েছে বাংলাদেশের গ্রুপে।
২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত ছয় আসরে বাংলাদেশ ২৫ ম্যাচে ৩টিতে জিতেছে। এবার বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ হবে নিজেদের বিশ্বকাপের মূলমঞ্চে তুলে ধরার। এর আগে প্রস্তুতির যথেষ্ট সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা।
ঢাকা/ইয়াসিন/আমিনুল