ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশের নতুন উইং তারকা আনিকা রানিয়া সিদ্দিকী

রেজাউল করিম, সিডনি (অস্ট্রেলিয়া) থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৮, ২ মার্চ ২০২৬  
বাংলাদেশের নতুন উইং তারকা আনিকা রানিয়া সিদ্দিকী

সিডনি, অস্ট্রেলিয়া। এএফসি ওমেন্স এশিয়ান কাপের জমজমাট আসর। এই আসরে আগামীকাল মঙ্গলবার অস্ট্রেলিয়ার সিডনিতে শক্তিশালী চায়নার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। ঐতিহাসিক এই ম্যাচে বিশেষ নজর কেড়েছেন সুইডেন প্রবাসী ২০ বছর বয়সী উইং খেলোয়াড় আনিকা রানিয়া সিদ্দিকী। অভিষেকের অপেক্ষায় থাকা এই ফুটবলারকে ঘিরে দলে যেমন আছে আস্থা, তেমনি সমর্থকদের মাঝেও তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। মাঠে রাইট উইং, লেফট উইং দুই প্রান্তের সমান দাপপেই খেলেন আনিকা। ফলে তার উপর নতুন প্রত্যাশা জন্মেছে বাংলাদেশের সমর্থকদের।

সুইডেনে জন্ম ও বেড়ে ওঠা আনিকা রানিয়া সিদ্দিকী পেশাদার ফুটবলে গড়ে উঠেছেন ইউরোপীয় পরিবেশে। সুইডেনের ঐতিহ্যবাহী ক্লাব ‘আইএফ ব্রক্ষ্মাপোজকানারা’তে খেলে তিনি নিজের দক্ষতা প্রমাণ করেছেন। সুইডেন নারী লিগের ডিভিশন ওয়ানে নিয়মিত খেলার অভিজ্ঞতা তাকে গতি, শারীরিক সক্ষমতা এবং ট্যাকটিক্যাল সচেতনতার জায়গায় এগিয়ে রেখেছে।

বাংলাদেশি বংশোদ্ভূত আনিকা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন পারিবারিক পরিচয় এবং দেশের প্রতি দায়বদ্ধতা থেকে। জাতীয় দলে ডাক পাওয়াকে তিনি দেখছেন গর্বের মুহূর্ত হিসেবে। একই সঙ্গে এটি প্রবাসী ফুটবলারদের জন্য বাংলাদেশ দলে খেলার একটি শক্ত বার্তাও বহন করছে।

প্রধান কোচ পিটার বাটলারের পরিকল্পনায় আনিকা খেলতে পারেন ডান ও বাম দুই উইংয়েই। তার বড় শক্তি দ্রুতগতির দৌড়, একে একে প্রতিপক্ষকে কাটিয়ে ওঠার ক্ষমতা এবং আক্রমণে সরাসরি প্রভাব রাখার মানসিকতা। প্র্যাকটিস ম্যাচ ও অনুশীলনে তার গতি এবং বল কন্ট্রোল কোচিং স্টাফের দৃষ্টি কেড়েছে।

অস্ট্রেলিয়ায় চলমান নারী এশিয়ান কাপ ২০২৬ আসরে বাংলাদেশ দলের এটি প্রথম অংশগ্রহণ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই চায়নার মতো শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হওয়ায় চ্যালেঞ্জ বড়। এই ম্যাচে উইং থেকে আক্রমণ সাজাতে আনিকার ভূমিকা হতে পারে গুরুত্বপূর্ণ।

বিদেশের পেশাদার লিগে খেলার অভিজ্ঞতা আনিকার মানসিক দৃঢ়তা বাড়িয়েছে। চাপের ম্যাচে নিজেকে নিয়ন্ত্রণে রাখার অভ্যাস তাকে আত্মবিশ্বাসী করে তুলেছে। কোচিং স্টাফ মনে করছেন, এই অভিজ্ঞতা মাঠে বাংলাদেশের খেলায় ইতিবাচক প্রভাব ফেলবে।

দলের সতীর্থরাও অনুশীলনে আনিকার খেলার প্রশংসা করেছেন। ভিন্ন ফুটবল সংস্কৃতি থেকে আসা একজন খেলোয়াড় হিসেবে তিনি দলের আক্রমণভাগে নতুন বৈচিত্র্য যোগ করছেন। যা ভবিষ্যতে বাংলাদেশের নারী ফুটবলের জন্য দীর্ঘমেয়াদি সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

চায়নার বিপক্ষে ম্যাচে আনিকা রানিয়া সিদ্দিকীর পারফরম্যান্স ঘিরে থাকবে বিশেষ নজর। বাংলাদেশের জার্সিতে তার প্রথম বড় মঞ্চের পরীক্ষা। এই ম্যাচে তার গতি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং আক্রমণাত্মক মানসিকতা যদি কাজে লাগে, তবে তা হতে পারে বাংলাদেশের জন্য অনুপ্রেরণার এক নতুন গল্প।

ঢাকা/রেজাউল/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়