ঢাকা     সোমবার   ০২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৭ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিশ্বকাপে ডাব্বা, পাকিস্তানি ক্রিকেটারদের ৫০ লাখ রুপি করে জরিমানা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪০, ২ মার্চ ২০২৬   আপডেট: ২২:১৩, ২ মার্চ ২০২৬
বিশ্বকাপে ডাব্বা, পাকিস্তানি ক্রিকেটারদের ৫০ লাখ রুপি করে জরিমানা

টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের খেসারত দিতে হচ্ছে পাকিস্তান দলকে। আজ সোমবার (০২ মার্চ) এক প্রতিবেদনে জানা গেছে, পুরো স্কোয়াডের প্রত্যেক সদস্যের ওপর পাঁচ মিলিয়ন রুপি করে জরিমানা আরোপ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

প্রতিবেদন অনুযায়ী, এই জরিমানা কোনো শৃঙ্খলাভঙ্গের কারণে নয়; বরং বোর্ডের ভাষায় ‘মাঠের পারফরম্যান্স সন্তোষজনক না হওয়া’র জন্যই এমন সিদ্ধান্ত। বিশেষ করে গ্রুপপর্বে ভারতের কাছে ৬১ রানের বড় ব্যবধানে হারের পরই জরিমানার সিদ্ধান্ত কার্যকর করা হয়।

আরো পড়ুন:

আরও জানা গেছে, দল যদি সেমিফাইনালে উঠতে পারত, তাহলে জরিমানা মওকুফের সম্ভাবনা ছিল। কিন্তু সুপার এইট পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ রানের রুদ্ধশ্বাস জয়ও শেষরক্ষা করতে পারেনি। ক্যান্ডিতে সেই ম্যাচ জিতেও আগের ব্যর্থতার কারণে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় ‘গ্রিন শার্টস’দের।

প্রতিবেদনে বলা হয়েছে, পুরো টুর্নামেন্টে দলে কোনো শৃঙ্খলাজনিত সমস্যা ছিল না। তবু শুধুমাত্র পারফরম্যান্সের মান বিবেচনায় এমন আর্থিক শাস্তি দেওয়া বোর্ডের ইতিহাসে বিরল। এমনকি নজিরবিহীন বলেও ধরা হচ্ছে।

এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলেও সেগুলো সাধারণত শৃঙ্খলাভঙ্গের সঙ্গে সম্পর্কিত ছিল। এবার সরাসরি মাঠের পারফরম্যান্সের ভিত্তিতে জরিমানা- যা স্পষ্টতই কড়া বার্তা।

টুর্নামেন্ট থেকে বিদায়ের পর অধিনায়ক সালমান আলী আগা স্বীকার করেছিলেন, দল প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। তিনি বলেন, “পুরো টুর্নামেন্টে আমরা প্রত্যাশার চেয়ে খারাপ খেলেছি। চাপে সঠিক সিদ্ধান্ত নিতে না পারার কারণেই সেমিফাইনাল মিস করেছি।” তবে অধিনায়কত্ব নিয়ে আবেগী কোনো সিদ্ধান্ত নেননি তিনি।

সব মিলিয়ে, বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটে বড় ধাক্কা। বোর্ডের এই পদক্ষেপ যে ভবিষ্যতের জন্য সতর্কবার্তা তা বলাই যায়। 

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়