ঢাকা     সোমবার   ০২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৭ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পাকিস্তানের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ২ মার্চ ২০২৬   আপডেট: ১৭:২২, ২ মার্চ ২০২৬
পাকিস্তানের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা

আসন্ন বাংলাদেশ সফর ঘিরে দোলাচলে পাকিস্তান। আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে তিন ম্যাচের একদিনের সিরিজের ভবিষ্যৎ এখনো নিশ্চিত নয়। একই সঙ্গে আসন্ন সিরিজকে সামনে রেখে দলে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ঘনিষ্ঠ সূত্রের বরাতে এমন তথ্যই প্রকাশ করেছে পাকিস্তানের জিও সুপার টিভি।

সূচি অনুযায়ী আগামী ৯ মার্চ ঢাকায় পৌঁছানোর কথা পাকিস্তান দলের। ১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা তিনটি একদিনের ম্যাচ। তবে বর্তমান পরিস্থিতি ভ্রমণঝুঁকি বা নিরাপত্তা উদ্বেগ বাড়ালে সফর স্থগিতও হতে পারে। এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন:

এদিকে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা চোখ রাখছে ২০২৭ সালের বিশ্বকাপের দিকে, যা আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। সেই প্রস্তুতির অংশ হিসেবেই একদিনের দলে বড় রদবদল আসতে পারে। নির্বাচক কমিটি এ সপ্তাহেই বৈঠকে বসতে পারে বলে জানা গেছে।

সূত্রের দাবি, ধারাবাহিকভাবে প্রত্যাশা পূরণে ব্যর্থ প্রথম সারির কয়েকজন ক্রিকেটারের জায়গায় তরুণদের সুযোগ দেওয়া হতে পারে। আলোচনায় আছে বাবর আজম, সাইম আইয়ুব ও মোহাম্মদ নওয়াজের মতো নামও। নতুনদের ঢুকিয়ে দলকে পুনর্গঠনের পথে হাঁটতে চায় বোর্ড।

তাৎক্ষণিকভাবে টি-টোয়েন্টি সূচি না থাকায় ছোট সংস্করণের দলে দ্রুত পরিবর্তনের সম্ভাবনা কম। তবে ২০২৬ সালের বিশ্বকাপের স্কোয়াড থেকে পাঁচ-ছয়জন ক্রিকেটারকে ধাপে ধাপে সরিয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে ইঙ্গিত মিলেছে।

সবশেষ একদিনের সিরিজ খেলেছিল পাকিস্তান গত বছরের নভেম্বরে, ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে। তিন ম্যাচের সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছিল তারা। সেই সিরিজ ছিল লম্বা সংস্করণে শাহিন শাহ আফ্রিদির অধিনায়ক হিসেবে দ্বিতীয় দায়িত্ব। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল পাকিস্তান।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়