ঢাকা     সোমবার   ০২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৭ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চাঁপাইনবাবগঞ্জে ২৩ শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৩, ২ মার্চ ২০২৬  
চাঁপাইনবাবগঞ্জে ২৩ শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম

চাঁপাইনবাবগঞ্জের ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক আর্থিক ও প্রশাসনিক অনিয়মের প্রমাণ পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। রবিবার (১ মার্চ) অধিদপ্তরের পরিচালক প্রফেসর এম এম সহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, জেলার এ সব নামি-দামি শিক্ষাপ্রতিষ্ঠানে জাল বা ভুয়া সনদ ব্যবহার করে শিক্ষক নিয়োগ, অবৈধভাবে নিয়োগ দেওয়া, সরকারি বেতন-ভাতার অর্থ আত্মসাৎ এবং ভ্যাট ও আয়কর ফাঁকির মতো গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে। 

আরো পড়ুন:

অধিদপ্তরের প্রকাশিত তালিকার তথ্য বিশ্লেষণে দেখা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় সবচেয়ে বেশি অনিয়ম ধরা পড়েছে। এ উপজেলার নয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে কানসাট সোলেমান ডিগ্রি কলেজ, খোন্দা কামাত বালিকা উচ্চ বিদ্যালয়, চককীর্ত্তি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, জামালপুর দাখিল মাদ্রাসা, দাদনচক বেল আফরোজ ইদ্রিশী বালিকা উচ্চ বিদ্যালয়, বালুটুঙ্গী দারুল উলুম দাখিল মাদ্রাসা, রশুনচক বালিকা উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ ফাজিল মাদ্রাসা, নলডুবরী শাহবাজপুর দাখিল মাদ্রাসা এবং বিনোদপুর আলিম মাদ্রাসা।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। প্রতিষ্ঠানগুলো মধ্যে হলো, আমনুরা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, ছয়রশিয়া ইসলামপুর উচ্চ বিদ্যালয়, দিয়াড় ধাইনগর উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়, নামোরাজারামপুর উচ্চ বিদ্যালয় এবং মহারাজপুর এসমা খাতুন চৌধুরী মহাবিদ্যালয়। 

এছাড়া নাচোল উপজেলার চারটি প্রতিষ্ঠান কানপাড়া কাজলা উচ্চ বিদ্যালয়, গোলাবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়, মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয় এবং রাজবাড়ী কলেজ এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। 

জেলার গোমস্তাপুর উপজেলার বংপুর উচ্চ বিদ্যালয় ও রাধানগর বরেন্দ্র কলেজ এবং ভোলাহাট উপজেলার চরধরমপুর উচ্চ বিদ্যালয় ও বারইপাড়া উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জের ২৩টি প্রতিষ্ঠানসহ দেশের মোট ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর পরিচালিত এই বিশাল তদন্তে অনিয়মের মাধ্যমে আত্মসাৎ করা মোট ৮৯ কোটি ৮২ লাখ ২৫ হাজার ৬০৭ টাকা সরকারি কোষাগারে ফেরত দেয়ার সুপারিশ করা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের অধীনে থাকা প্রায় ১৭৬ একর বেহাত হওয়া জমি পুনরুদ্ধারের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। 

ডিআইএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি অডিট রিপোর্টের অনুলিপি সংশ্লিষ্ট অধিদপ্তর, শিক্ষা বোর্ড এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিজস্ব ই-মেইলে পাঠিয়ে দেওয়া হয়েছে। 
 

ঢাকা/শিয়াম/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়