ঢাকা     রোববার   ০১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৭ ১৪৩২ || ১১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে অথবা কয়েক দিনেই শেষ হওয়া সম্ভব: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২০, ১ মার্চ ২০২৬   আপডেট: ০৩:২৬, ১ মার্চ ২০২৬
যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে অথবা কয়েক দিনেই শেষ হওয়া সম্ভব: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েল যুদ্ধ কতদিন চলবে তা তার নিয়ন্ত্রণে। তিনি চাইলে এটিকে লম্বা সময় ধরে চালাতে পারেন অথবা মাত্র ২-৩ দিনের মধ্যে থামিয়ে দিতে পারেন। 

রবিবার (১ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। খবর আল-জাজিরার।

আরো পড়ুন:

ফ্লোরিডায় নিজ বাসভবন মার-এ-লাগো থেকে অ্যাক্সিওস-কে দেওয়া পাঁচ মিনিটের এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি চাইলে যুদ্ধ দীর্ঘস্থায়ী করতে পারি ও পুরো বিষয়টি নিয়ন্ত্রণে নিতে পারি, অথবা দুই-তিন দিনের মধ্যে এর সমাপ্তি ঘটিয়ে ইরানিদের বলতে পারি: ‘যদি তোমরা আবারো পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি শুরু করো, তাহলে কয়েক বছর পর আবার দেখা হবে’।”

তিনি আরো যোগ করেন, “যেকোনো পরিস্থিতিতেই, এই হামলা থেকে কাটিয়ে উঠতে তাদের (ইরানের) বেশ কয়েক বছর সময় লাগবে।”

ট্রাম্প দ্রুত যুদ্ধ শেষ করার জন্য ইরানকে ঠিক কী ধরনের শর্তের ইঙ্গিত দিচ্ছেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করেননি, তবে তার বক্তব্যে কূটনীতির কিছুটা সুযোগ রয়েছে বলে মনে করা হচ্ছে।

পারমাণবিক আলোচনা চলাকালীন কেন হামলার সিদ্ধান্ত নিলেন, তার পেছনে ট্রাম্প দুটি কারণ উল্লেখ করেন। প্রথমত, ‘ইরানিরা চুক্তির খুব কাছাকাছি এসে আবার পিছিয়ে গেছে’, যা তার মতে প্রমাণ করে যে তারা ‘আসলে কোনো চুক্তি চায় না’। দ্বিতীয়ত, তিনি তার টিমকে গত ২৫ বছরে ইরান-সংশ্লিষ্ট প্রতিটি হামলার তালিকা তৈরি করতে বলেছিলেন।

ট্রাম্প বলেন, “আমি দেখেছি যে প্রতি মাসেই তারা খারাপ কিছু করেছে, হয় কিছু উড়িয়ে দিয়েছে অথবা কাউকে হত্যা করেছে।”

এর আগে এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি বিশ্বাস করেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের নেতৃত্বের ‘অনেক বড় অংশ’ নিহত হয়েছে।

ইরানি নেতারা নিহত হয়েছেন কি না- সরাসরি এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “হ্যাঁ, বড় একটা অংশ। আমরা সবার কথা জানি না, তবে অনেক নেতার মৃত্যু হয়েছে। এটি অত্যন্ত শক্তিশালী একটি হামলা ছিল।” 

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, তাদের বাহিনী ইরানের শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সফলভাবে প্রতিহত করেছে। এখন পর্যন্ত কোনো মার্কিন সৈন্যের হতাহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সেন্টাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ ‘সামান্য’ এবং এতে তাদের কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি।

এদিকে, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি দেশজুড়ে হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। 

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার তথ্য অনুযায়ী লারিজানি বলেন, “ইরানের সাহসী বীর সেনা ও মহান জাতি আন্তর্জাতিক এই অত্যাচারী নরকের কীটদের এমন এক শিক্ষা দেবে যা তারা কখনো ভুলবে না।”

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়