শ্রীলঙ্কাকে ২১৩ রানের টার্গেট, পাকিস্তানের চাই ৬৪ রানের জয়
ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম
শ্রীলঙ্কাকে ২১৩ রানের টার্গেট ছুঁড়ে দিল পাকিস্তান। নিউ জিল্যান্ডকে রান রেটে টপকে এই ম্যাচ জিতে সেমিফাইনালে যেতে হলে পাকিস্তানকে ৬৪ রানের ব্যবধানে জিততে হবে। শ্রীলঙ্কা ১৪৭ রানের বেশি করে ম্যাচ হেরে গেলেও পাকিস্তানের সেরা চারে যাওয়ার সুযোগ হবে না।
সুপার এইটের গ্রুপ টু থেকে আগেই সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। আরেকটি জায়গায় ওঠার লড়াই এখন নিউ জিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে। আজ শ্রীলঙ্কাকে হারালে পাকিস্তান ও নিউ জিল্যান্ড দুই দলের পয়েন্ট সমান ৩। তখন রান রেটের হিসেব আসবে। এজন্য পাকিস্তানকে আজ ৬৪ রানের ব্যবধানে জিততে হবে। ৮ উইকেটে তাদের পুঁজি ২১২ রান।
পাকিস্তানকে বড় সংগ্রহ এনে দিয়েছেন দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও ফখর জামান। ডানহাতি ওপেনার সেঞ্চুরি করেছেন অতি গুরুত্বপূর্ণ ম্যচে। ফখর জামান সেঞ্চুরি পাননি। তবে সমান তালে ঝড় তুলেছেন শাহিবজাদার সঙ্গে।
দুজন উদ্বোধনী জুটিতে ১৭৬ রান তুলে। যা টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ওপেনিংয়ে সর্বোচ্চ রান। এর আগে বাবর ও রিজওয়ানের ছিল ১৫২ রান। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ডও। টিম সেইফার্ট ও ফিন অ্যালেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অবিচ্ছিন্ন ১৭৫ রান তুলেছিলেন।
পাওয়ার প্লে’ দারুণভাবে কাজে লাগিয়েছেন দুজন। ৬৪ রান যোগ করতে পারেন তারা। ১০ ওভারে রান ১০২। শেষ ১০ ওভারে কতো তুলতে পারে সেটাই দেখার।
শাহিবজাদা ফিফটি পেয়েছেন ৩২ বলে। ফখর ২৭ বলে। শাহিবজাদা এরপর আক্রমণের ধার বাড়িয়ে সেঞ্চুরিতে পৌঁছে যান ৫৯ বলে। ফখরের ইনিংস থেমে যায় ৮৪ রানে। ৪২ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮৪ রান করে চামিরার বলে বোল্ড হন।
সঙ্গী হারানোর পর শাহিবজাদা একা হয়ে গেলেও এবারের টুর্নামেন্টের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন। এর আগে নামিবিয়ার বিপক্ষে ১০০ রান করেছিলেন। এবার শ্রীলঙ্কার বিপক্ষে পেলেন তিন অঙ্কের দেখা। ক্রিকেট বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপের এক আসরে জোড়া সেঞ্চুরির রেকর্ড গড়লেন ডানহাতি ব্যাটসম্যান। ক্রিস গেইলের বিশ্বকাপে কেবল ২টি সেঞ্চুরি আছে। দুইটি আলাদা আলাদা আসরে।
সেঞ্চুরির পর ইনিংসটি শাহিবজাদা বড় করতে পারেননি। ৬০ বলে ১০০ রান তুলে থেমে যান। ইনিংসের শেষ ওভারে তার উইকেট নেন দিলশান মাদুশঙ্কা। সাজঘরে ফেরার আগে ৯ চার ও ৫ ছক্কা এসেছে তার ব্যাট থেকে।
উদ্বোধনী জুটি ১৫.৫ ওভারে ভাঙার পর রানের গতি কমতে শুরু করে পাকিস্তানের। শেষ ৪ ওভারে প্রত্যাশিত ঝড় উঠেনি। স্কোরবোর্ডে যোগ হয় মাত্র ৩০ রান।
শেষটা আরো ভালো হলে পাকিস্তানের বোলাররা আরও আত্মবিশ্বাস পেত। এখন তাদের লক্ষ্য ১৪৭ রানে যে করেই হোক শ্রীলঙ্কাকে আটকে রাখা। তাহলেই সেমিফাইনালের টিকিট মিলবে।
ঢাকা/ইয়াসিন