ঢাকা     শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৫ ১৪৩২ || ১০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চাঁদাবাজি ও মাদকের ব্যাপারে আপস নয়: ডিএসসিসির প্রশাসক 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৬  
চাঁদাবাজি ও মাদকের ব্যাপারে আপস নয়: ডিএসসিসির প্রশাসক 

চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি বলেছেন, “এই দুইটা ব্যাপারে কোনো আপস নাই, আপস করা হবে না।”

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ডিএসসিসির ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ডিএসসিসির প্রশাসক।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যারা এতদিন চাঁদাবাজি বা মাদকের সঙ্গে জড়িত ছিলেন, তারা যেন সৎ পথে ফিরে আসেন। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভালো না হয়ে গেলে লাল দালানে ঢুকতে হবে, কেউ ছাড় পাবে না।”

আবদুস সালাম জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী ঢাকাকে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে কাজ চলছে।

নগরবাসীর সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়, উল্লেখ করে তিনি বলেন, “যেখানে-সেখানে ময়লা ফেললে পরিচ্ছন্ন শহর গড়া সম্ভব হবে না। সামনে ডেঙ্গুর প্রকোপের আশঙ্কা থাকায় মশা নিয়ন্ত্রণে সমন্বিত কার্যক্রম নেওয়া হবে।”

ডিএসসিসির প্রশাসক বলেন, প্রতিটি ওয়ার্ডে ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালিত হবে এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হবে।

পুরান ঢাকার ঐতিহ্য পুনরুদ্ধার ও বুড়িগঙ্গা নদী দূষণমুক্ত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করে তিনি জানান, নদীতে যাতে কোনো বর্জ্য বা শিল্পকারখানার উচ্ছিষ্ট না পড়ে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

খেলার মাঠ দখলমুক্ত রাখা, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত রাখা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

ব্যবসায়ীদের উদ্দেশে আব্দুস সালাম বলেন, “দোকানের ময়লা নির্ধারিত স্থানে রাখতে হবে, যাতে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা সহজে সংগ্রহ করতে পারেন। বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহে নির্ধারিত টাকার বেশি আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

হকারদের বিষয়ে তিনি বলেন, “ঈদের আগ পর্যন্ত বর্তমান অবস্থানে ব্যবসা করতে পারলেও ঈদের পর সবাইকে শৃঙ্খলার মধ্যে আসতে হবে। নির্ধারিত স্থান ও সময় অনুযায়ী হকারদের বসার ব্যবস্থা করা হবে এবং সিটি কর্পোরেশনের নির্ধারিত ট্যাক্স পরিশোধ করতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মো. মোশারফ হোসেন খোকনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

ঢাকা/আলী/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়