শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে প্রার্থী হওয়ার যোগ্যতা জানাল ইসি
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
স্থগিত হওয়া শেরপুর-৩ ও শূন্য হওয়া বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা ও অযোগ্যতার শর্ত জানিয়ে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এ পরিপত্র সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়।
পরিপত্রে বলা হয়েছে, সংবিধানের ৬৬(১)(২) অনুচ্ছেদ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর ১২(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রার্থীদের যোগ্যতা ও অযোগ্যতা নির্ধারণ করা হবে। একইসঙ্গে সংবিধানের ১৫২ অনুচ্ছেদে বর্ণিত ‘প্রজাতন্ত্রের কর্ম’ ও ‘সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ’-এর ব্যাখ্যাও স্পষ্ট করা হয়েছে।
ইসির নির্দেশনা অনুযায়ী, আদালত কর্তৃক ফেরারি বা পলাতক আসামি, প্রজাতন্ত্র বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বা কিস্তি বকেয়া থাকলে (ক্ষুদ্র কৃষি ঋণ ছাড়া), সরকারি সেবার বিল বকেয়া থাকলে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্রভুক্ত ব্যক্তির মনোনয়ন বাতিল হবে।
এছাড়া প্রত্যেক প্রার্থীকে মনোনয়নপত্রের সঙ্গে স্বাক্ষরিত হলফনামা ও সর্বশেষ কর বছরের আয়কর রিটার্নের কপি জমা দিতে হবে।
তফশিল অনুযায়ী, এ দুই আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২ মার্চ এবং ভোটগ্রহণ ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।
ঢাকা/এমএসবি/এসবি