চরম নাটকীয় ম্যাচ জিতিয়ে নায়ক হাসান মাহমুদ
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ম্যাচের আশা শেষ করেই দিয়েছিল বিসিবি ইষ্ট জোন। বিসিবি সাউথ জোনের করা ১৮১ রানের জবাব দিতে নেমে ৯ উইকেটে তাদের রান ১৪১। শেষ ব্যাটসম্যান হিসেবে আছেন হাসান মাহমুদ ও মুশফিক হাসান।
হাতে ১ উইকেট। রান বাকি ৪০। বল বাকি ৮৪টি। সাউথ জোনের জন্য ম্যাচটি গুরুত্বর ছিল। আজ জিতলে তারা বিসিএলের ফাইনালে যেতেও পারত। কিন্তু শেষ উইকেটে সবাইকে চমকে দিয়ে হাসান যা করলেন তা রীতিমত স্তব্ধ করলো সবাইকে। দশম উইকেটে মুশফিককে সঙ্গে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।
যেখানে তার অবদান ৩৫, মুশফিকের ৪। মুশফিক কেবল উইকেট রক্ষা করেছেন। ৩৫ বল খেলেছেন অনায়েসে। হাসান দাপট দেখিয়ে তুলেছেন রান। সৌম্য, মিরাজ, রবিউল, তানভীরদের বল অনায়েসে খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ১ উইকেটে পাওয়া জয়ে বিসিএলে স্বস্তির জয় পেয়েছে তারা।
এর আগে ব্যাটিং ব্যর্থতায় দুই ম্যাচই তারা হেরেছে। আজও তাদের ব্যাটিং ভালো হয়নি। সর্বোচ্চ ৪২ রান করেন শাহাদাত হোসেন দিপু। মুমিনুল হক করেন ২৯ রান। এছাড়া নাঈম ২০ ও ওপেনিংয়ে জাকির ১৬ রান করেন।
সৌম্য সরকার ৪ উইকেট নিয়ে ছিলেন সাউথ জোনের সেরা বোলার।
বোলিংয়ে উইকেট পেলেও নিজের আসল কাজ ব্যাটিংয়ে রান পাননি সৌম্য। ১৬ বলে ৯ রানে থেমে যায় তার ইনিংস। এছাড়া আসিনুল ৫০, আফিফ ২৪, মিঠুন ১০ রান করেন। শেষ দিকে রবিউলের ৩১ ও শহীদুলের ২৮ রানে ১৮০ রানের পুঁজি পায় সাউথ জোন।
বোলিংয়ে হাসান মাহমুদ ৫৫ রানে পেয়েছেন ৩ উইকেট। নাঈম ২৪ রানে পেয়েছেন ৩ উইকেট।
অলরাউন্ড পারফরম্যান্সে হাসান ছিলেন ম্যাচ সেরা।
ঢাকা/ইয়াসিন