খামেনির কার্যালয় ধ্বংসের দাবি নেতানিয়াহুর
ইরানের পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে দেওয়ার ঘোষণা দিয়ে একটি বিশেষ ভাষণ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
তিনি দাবি করেন, ইরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কার্যালয় ধ্বংস করে দেওয়া হয়েছে। খবর আল-জাজিরার।
নেতানিয়াহুর দাবি অনুযায়ী, এই হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শীর্ষ পর্যায়ের অনেক কমান্ডার ও পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত উচ্চপদস্থ কর্মকর্তারা নিহত হয়েছেন।
ইসরায়েলি প্রধানমন্ত্রী আরো বলেন, তিনি মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বর্তমান সামরিক অভিযানের মাধ্যমে ইসরায়েল এখন তা-ই করছে।
তিনি ইরানের সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য এটি একটি বড় সুযোগ, আর তারা যেন এই সুযোগটি হাতছাড়া না করে।
এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বেঁচে আছেন বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা/ফিরোজ