বাংলাদেশ ব্যাংক নিলামে ২৫ মিলিয়ন ডলার কিনেছে
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে ২৫ মিলিয়ন ডলার কিনেছে। দেশের দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে এ সব ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার (২ মার্চ) নিলামে ডলার কিনেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
কেন্দ্রীয় ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে আজ পর্যন্ত মোট ৫ হাজার ৪৯৩ মিলিয়ন ডলার কিনেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যাংকগুলো থেকে মাল্টিপল অকশন পদ্ধতিতে ২৫ মিলিয়ন ডলার কেনা হয়েছে। নিলামের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা পর্যন্ত। আর এই দামে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক নিলামে ডলার কেনার ফলে বাজারে তারল্য বাড়ছে, আর রিজার্ভে যোগ হচ্ছে নিলামে কেনা ডলার।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) ও রপ্তানি আয়ের প্রবাহ বাড়ায় ডলারের বাজারে স্থিতিশীলতা এসেছে। দেশের ব্যাংকগুলোতে ডলারের সরবরাহ বেড়েছে, চাহিদা কমেছে। এ কারণে ডলারের দাম কমার আশঙ্কা রয়েছে। আর ডলারের দাম কমে গেলে রপ্তানিকারকরা একদিকে সমস্যায় পড়বে, অপরদিকে রেমিট্যান্স আয় বৈধ পথে আসা কমে যাবে। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক ডলার কেনার সিদ্ধান্ত নেয়। যা খুবই যুগোপযোগী সিদ্ধান্ত। তাতে ডলারের বাজার স্থিতিশীল থাকবে ও চাহিদার ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে বলে মনে করছেন তারা। আর নিয়মিত বাজার থেকে ডলার কেনার মাধ্যমে রিজার্ভে তা যোগ হচ্ছে, বাড়ছে রিজার্ভ।
গত বছর ১৫ মে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর সঙ্গে আলোচনার পর ডলারের বিনিময় মূল্য নির্ধারণে নতুন পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক। তখন থেকে ব্যাংক ও গ্রাহক নিজেরাই ডলারের দর নির্ধারণ করছে।
ঢাকা/নাজমুল/বকুল