বিশ্বকাপে ব্যর্থ হওয়ায় পাকিস্তানের ক্রিকেটারদের জরিমানা করার চিন্তাভাবনা
টি-টোয়েন্টি বিশ্বকাপের হতাশাজনক পারফরম্যান্সের পর কঠোর অবস্থানে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নির্ভরযোগ্য সূত্রের দাবি, টুর্নামেন্টজুড়ে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় দলের বেশিরভাগ ক্রিকেটারই বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে পারেন।
সূত্র জানায়, খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়ন করে আর্থিক শাস্তি দেওয়ার আলোচনা শুরু হয়েছে। তবে বিষয়টি এতটা সহজ নয়। কেন্দ্রীয় চুক্তির শর্ত, আইনি জটিলতা এবং চুক্তিগত বাধ্যবাধকতার দিকগুলোও খতিয়ে দেখা হচ্ছে। সব দিক বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
টুর্নামেন্টে শ্রীলঙ্কার বিপক্ষে রুদ্ধশ্বাস জয় পেলেও ধারাবাহিক ব্যর্থতায় শেষ পর্যন্ত বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। ২১৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা মাত্র ৬ রানে পিছিয়ে পড়েছিল। তবে সেই জয়ও গ্রুপপর্বের ক্ষত ঢাকতে পারেনি।
বিশেষ করে তথাকথিত অলরাউন্ডারদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। শাদাব খান পুরো আসরে করেছেন ১১৮ রান ও নিয়েছেন ৫ উইকেট। অধিনায়ক সালমান আলি আগা সাত ম্যাচে তুলেছেন মাত্র ৬০ রান, সঙ্গে একটি উইকেট। মোহাম্মদ নওয়াজের সংগ্রহ আরও হতাশাজনক- সাত ম্যাচে ১৫ রান ও ৬ উইকেট। ওপেনার সাইম আইয়ুবও ব্যাট হাতে ধারাবাহিক হতে পারেননি; সাত ম্যাচে করেছেন ৭০ রান। যদিও বল হাতে পেয়েছেন ৬ উইকেট।
দলের সামগ্রিক ব্যর্থতা, পরিকল্পনার ঘাটতি এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে ভেঙে পড়া; সব মিলিয়ে ক্ষুব্ধ বোর্ড। বিশ্বকাপের মতো বড় আসরে এমন ফলাফলের পর কঠোর পদক্ষেপের ইঙ্গিত স্পষ্ট।
এখন দেখার বিষয়, জরিমানার সিদ্ধান্ত কতটা বাস্তবায়িত হয় এবং তার প্রভাব দলীয় পরিবেশে কেমন পড়ে। তবে একথা নিশ্চিত- এই ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটে ঝড় বইছেই।
ঢাকা/আমিনুল