সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে ডাটাবেইজ হবে: তথ্যমন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
সচিবালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সচিবালয়ে প্রবেশের বিষয়ে মিডিয়া হাউসকে টার্গেট করে এক বা একাধিক কার্ডের মাধ্যমে এটার সমাধান করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তথ্যমন্ত্রী বলেন, ‘‘অন্যায়ভাবে কেউ বাদ পড়ে গেলে আমরা নীতিমালার আওতায় অ্যাক্রেডিটেশন কার্ডের সুবিধা দেওয়ার উদ্যোগ নেব। পাশাপাশি সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রবেশে ডাটাবেইজ তৈরি করা হবে।’’
সোমবার (২ মার্চ) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বিএসআরএফের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাসউদুল হক।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘‘সরকার হিসেবে আমাদের তো সব ধরনের সকলের সেবাই নিশ্চিত করতে হয়। সচিবালয়ের প্রবেশ অধিকারটা যদি গণমাধ্যমের মিডিয়া হাউসের মাধ্যমে ঠিকঠাক করা হয়, তাহলে একদিকে চাপও কমল; আরেকদিকে আপনাদের পেশাগত দায়িত্ব পালন করার বাইরে যা অন্যান্যভাবে প্রয়োজন পড়ে, তারা অন্য সময় বা অন্য কাজে আসতে পারবে।’’
জহির উদ্দিন স্বপন বলেন, ‘‘সচিবালয়ে প্রবেশের বিষয়ে আমরা মিডিয়া হাউসকে টার্গেট করে এক বা একাধিক কার্ডের মাধ্যমে এটা সমাধান করার চেষ্টা করব। আমাদেরও তখন হিসাব করতে সুবিধা হবে যে সচিবালয় প্রবেশ করার জন্য আজকে কোন মিডিয়া হাউস কয়জনকে পাঠিয়েছে। তাহলে আমরাও একটা ডেটাবেজ মেনটেইন করতে পারব।’’
অ্যাক্রেডিটেশন কার্ড বিষয়ে মন্ত্রী বলেন, ‘‘অ্যাক্রেডিটেশনের পুরো ব্যাপারটাকেই আমরা নীতিমালাটাকে আরো অনেক বেশি প্রয়োগযোগ্য করব। অবশ্যই এটা আপনাদের সঙ্গে কথাবার্তা বলেই করব। যদি কোথাও দেখা যায় যে অন্যায়ভাবে কেউ বাদ পড়ে গিয়েছে, তাকে আমরা নীতিমালার আওতায় অ্যাক্রেডিটেশন কার্ডের সুবিধা দেওয়ার উদ্যোগ নেবো।’’
ঢাকা/এএএম/বকুল