ঈদে নিরাপদ রেলযাত্রা নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ রেলযাত্রা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রেলযাত্রায় শৃঙ্খলা বজায় রাখা, নাশকতা প্রতিরোধ, টিকিট কালোবাজারি রোধ এবং যাত্রী হয়রানি কমাতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২ মার্চ) রাজধানীর আব্দুল গণি রোডে রেল ভবনে এ সভা হয়। সভায় আসন্ন ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।
সভায় জানানো হয়, ঈদযাত্রায় পূর্বের ন্যায় ট্রেনে নির্ধারিত আসনের অতিরিক্ত ২৫ শতাংশ আসনবিহীন টিকিট বিক্রির সিদ্ধান্ত বহাল থাকবে। তবে আসনবিহীন টিকিটধারী কোনো যাত্রী যেন এসি কামরা বা প্রথম শ্রেণির আসনে ভ্রমণ করতে না পারে সে বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করতে নির্দেশ দেন মন্ত্রী। এ ক্ষেত্রে ট্রেনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীকে বাড়তি তৎপর থাকার নির্দেশনা দেওয়া হয়।
টিকিটবিহীন যাত্রী শনাক্তকরণ, টিকিট কালোবাজারি প্রতিরোধ এবং ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে প্রয়োজনীয়সংখ্যক মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্তও গৃহীত হয়। বিশেষ করে কমলাপুর ও ঢাকা বিমানবন্দর রেলস্টেশনের প্ল্যাটফর্মে টিকিটবিহীন কোনো যাত্রী যেন প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
সভায় আরো সিদ্ধান্ত হয়, কোনো ট্রেনের যাত্রা বিলম্বিত হলে অপেক্ষমাণ যাত্রীদের জন্য প্ল্যাটফর্মের নিরাপদ স্থানে বসার ব্যবস্থা জোরদার করা হবে এবং এজন্য নির্ধারিত আসনসংখ্যা বৃদ্ধি করা হবে। এতে করে দীর্ঘ সময় অপেক্ষার কারণে যাত্রীদের দুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীদ্বয় হাবিবুর রশিদ এবং রাজিব আহসান।
সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/এসবি