ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে কারা থাকছেন দায়িত্বে?

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৯, ৩ মার্চ ২০২৬   আপডেট: ১৪:৫১, ৩ মার্চ ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে কারা থাকছেন দায়িত্বে?

টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারের লড়াই মানেই চাপ, উত্তেজনা আর সূক্ষ্ম সিদ্ধান্তের পরীক্ষা। এমন দুই উচ্চঝুঁকির ম্যাচে দায়িত্ব কাদের কাঁধে, তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। অভিজ্ঞ আম্পায়ারদের নিয়েই গড়া হয়েছে সেমিফাইনালের ম্যাচ অফিসিয়াল প্যানেল।

৪ মার্চ কলকাতার ইডেন গার্ডেনে দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ডের প্রথম সেমিফাইনালে মাঠে আম্পায়ার থাকবেন রিচার্ড ইলিংওয়ার্থ ও অ্যালেক্স ওয়ার্ফ। বড় ম্যাচ সামলানোর অভিজ্ঞতা দুজনেরই রয়েছে।

আরো পড়ুন:

দুই বছর আগে একই পর্যায়ে ইলিংওয়ার্থ দায়িত্বে ছিলেন, যখন দক্ষিণ আফ্রিকা আফগানিস্তানকে ৫৬ রানে গুটিয়ে দিয়ে নয় উইকেটে জয় তুলে নেয়। আর ওয়ার্ফ এবারের আসরে নিউ জিল্যান্ডের গ্রুপপর্বের একটি ম্যাচে দায়িত্ব পালন করেছেন।

এই ম্যাচে তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন নীতিন মেনন, চতুর্থ আম্পায়ার রড টাকার। ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক ভারত অধিনায়ক জাভাগাল শ্রীনাথ।

৫ মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনাল পরিচালনা করবেন ক্রিস গ্যাফানি ও আলাউদ্দিন পালেকার।

২০২৪ সালের ভারত-ইংল্যান্ড সেমিফাইনালেও গ্যাফানি মাঠে ছিলেন, যে ম্যাচে ভারত ৬৮ রানে জয় পেয়েছিল। এবারের টুর্নামেন্টে তিনি ইতোমধ্যে ভারতের দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে দায়িত্ব পালন করেছেন।

পালেকার ইংল্যান্ডের দুটি ম্যাচ- ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের বিপক্ষে এবং ভারতের নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ী ম্যাচে আম্পায়ারিং করেছেন।

মুম্বাইয়ে তৃতীয় আম্পায়ার থাকবেন অ্যাড্রিয়ান হোল্ডস্টক, চতুর্থ আম্পায়ার পল রাইফেল। ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যান্ডি পাইক্রফট।

ফাইনালে ওঠার লড়াইয়ে একটুখানি ভুল সিদ্ধান্তও ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। তাই অভিজ্ঞতায় ভরপুর প্যানেলই বেছে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। যারা এর আগেও নকআউট পর্বের চাপ সামলেছেন।

সেমিফাইনাল ১: কলকাতা, বুধবার ৪ মার্চ ২০২৬  
- দক্ষিণ আফ্রিকা বনাম নিউ জিল্যান্ড 
- অন-ফিল্ড আম্পায়ার: রিচার্ড ইলিংওয়ার্থ ও অ্যালেক্স ওয়ার্ফ  
- তৃতীয় আম্পায়ার: নিতিন মেনন  
- চতুর্থ আম্পায়ার: রড টাকার  
- রেফারি: জাভাগল শ্রীনাথ।

সেমিফাইনাল ২: মুম্বাই, বৃহস্পতিবার ৫ মার্চ ২০২৬  
- ভারত বনাম ইংল্যান্ড  
- অন-ফিল্ড আম্পায়ার: ক্রিস গ্যাফানি ও আল্লাহুদ্দিন পালেকার  
- তৃতীয় আম্পায়ার: অ্যাড্রিয়ান হোল্ডস্টক  
- চতুর্থ আম্পায়ার: পল রাইফেল  
- রেফারি: অ্যান্ডি পাইক্রফট।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়