‘আহারে জীবন’
ভাইরাল ছবিতে জায়েদ খান
ঢাকাই সিনেমার আলোচিত মুখ জায়েদ খান এখন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। দীর্ঘদিন ধরেই সেখানে অবস্থান করছেন তিনি। কিন্তু করছেনটা কী? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্ত-সমালোচক সবার মাঝেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায়, মাথায় সেফটি হেলমেট, পরনে কাজের পোশাক। নির্মাণশ্রমিকের মতো ভারী বস্তু বহন করছেন। ব্যস, আর যায় কোথায়! দৃশ্যটি দেখে কেউ বলছেন, “হাড়ভাঙা পরিশ্রমে নতুন জীবন।” কেউ আবার লিখেছেন, “স্টারডম ছেড়ে স্ট্রাগল!” আবার কেউ লিখছেন “আহারে জীবন” কেউ কেউ সান্ত্বনাও দিচ্ছেন।
ছবিটি নিয়ে নানা ব্যাখ্যা ঘুরলেও এ বিষয়ে জায়েদ খানের সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি। ছবিটি কোনো শুটিংয়ের অংশ, না কি সত্যিই নতুন কোনো অভিজ্ঞতার ঝলক, তা স্পষ্ট নয়। তবে আলোচনা ঠিকই জমে উঠেছে।
অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও পুরোপুরি আড়ালে নেই জায়েদ খান। যুক্তরাষ্ট্রে বসেই শুরু করেছেন নতুন উদ্যোগ। তার উপস্থাপনায় প্রচার হচ্ছে ‘সেলিব্রিটি টক শো– ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’।
এ অনুষ্ঠানের প্রথম সিজনের ১২টি পর্ব প্রচার হয়েছে। অনলাইনে মুক্তির পর ভালো সাড়া ফেলেছে। প্রবাসে থেকেও দেশীয় তারকাদের নিয়ে আড্ডাধর্মী এই আয়োজন অনেকের কৌতূহল বাড়িয়েছে।
অভিনয়ের পাশাপাশি শিল্পী সংগঠনের নেতৃত্ব, নির্বাচন, বিতর্ক, বক্তব্য—সব মিলিয়ে জায়েদ খান সবসময়ই আলোচনায় ছিলেন। সেই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্র অধ্যায়ও কম যায় না।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জায়েদ খান। তখন থেকেই শুরু তার জীবনের নতুন অধ্যায়।
ঢাকা/রাহাত/শান্ত