ঢাকা     শনিবার   ০৭ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২২ ১৪৩২ || ১৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শেষ মুহূর্তে স্বস্তির জয় রিয়ালের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩০, ৭ মার্চ ২০২৬  
শেষ মুহূর্তে স্বস্তির জয় রিয়ালের

পুরো ম্যাচজুড়ে ছন্দ খুঁজে না পাওয়া রিয়াল মাদ্রিদ যেন শেষ মুহূর্তে গিয়ে উদ্ধার পেল। শুক্রবার দিবাগত রাতে নির্ধারিত সময় পেরিয়ে যোগ করা সময়ের একেবারে শেষ দিকে ফেদেরিকো ভালভার্দের গোলেই সেল্টা ভিগোর মাঠ থেকে ২-১ ব্যবধানে জয় নিয়ে ফিরেছে স্পেনের এই ঐতিহ্যবাহী ক্লাব। টানা দুই ম্যাচে পরাজয়ের হতাশা কাটিয়ে এই জয় রিয়ালের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ম্যাচের শুরুতে কিছুটা চাপেই ছিল অতিথি দল। ষষ্ঠ মিনিটে স্বাগতিক সেল্টার বোরহা ইগলেসিয়াসের নিচু শট দারুণ ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক থিবো কোর্তোয়া। ১০ মিনিটে পাল্টা আক্রমণে দারুণ সুযোগ তৈরি করেন ভিনিসিয়ুস জুনিয়র। দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে নেওয়া তার শট পোস্টে লেগে ফিরে আসে।

তবে ঠিক এক মিনিট পরই এগিয়ে যায় রিয়াল। ছোট কর্নার থেকে আর্দা গুলারের পাস পেয়ে বক্সের ভেতর থেকে জোরালো শটে জাল কাঁপান ফরাসি মাঝমাঠের খেলোয়াড় অরেলিয়েন চুয়ামেনি। ২৫ মিনিটে স্বাগতিকরা ম্যাচে সমতা ফেরায়। নিজেদের অর্ধ থেকে বাড়ানো বল ধরে বাঁ দিক দিয়ে বক্সে ঢোকেন উইলিয়ট সোয়েদবার্গ। ট্রেন্টকে কাটিয়ে তার পাস পেয়ে বাঁ পায়ের নিখুঁত শটে গোল করেন ইগলেসিয়াস।

প্রথমার্ধের শেষ দিকে আবারও গোল হজমের শঙ্কায় পড়ে রিয়াল। ৪৫ মিনিটে সোয়েদবার্গের জোরালো শট ফিরিয়ে দিয়ে দলকে রক্ষা করেন কোর্তোয়া।

বিরতির পরও খুব একটা ছন্দে ফিরতে পারেনি মাদ্রিদের দল। ৬৭ মিনিটে বক্সের বাইরে থেকে ভিনিসিয়ুসের শট সহজেই ঠেকান সেল্টার গোলরক্ষক। ৮৭ মিনিটে বড় বিপদ থেকে বেঁচে যায় রিয়াল। ইয়াগো আসপাসের শট পোস্টে লেগে ফিরে না এলে হয়তো পিছিয়েই পড়ত তারা।

ম্যাচ তখন প্রায় সমতায় শেষ হওয়ার অপেক্ষায়। কিন্তু যোগ করা সময়ের পঞ্চম মিনিটে বদলে যায় সবকিছু। বক্সের বাইরে থেকে ভালভার্দের জোরালো শট প্রতিপক্ষের এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে জালে ঢুকে যায়। গোলরক্ষকের পক্ষে তখন আর কিছু করার ছিল না। এই গোলেই শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।

এই জয়ের ফলে ২৭ ম্যাচে রিয়ালের সংগ্রহ দাঁড়িয়েছে ৬৩ পয়েন্ট। তারা রয়েছে দ্বিতীয় স্থানে। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়