ইরান যুদ্ধে আরো ন্যাশনাল গার্ড ও আর্মি রিজার্ভ তলব করছে পেন্টাগন
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আরো সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। শনিবার (৭ মার্চ) মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একজন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনবিসি নিউজ।
প্রতিবেদনে বলা হয়, ইরানের সাথে যুদ্ধ অগ্রসর হওয়ার সাথে সাথে ন্যাশনাল গার্ড ও আর্মি রিজার্ভের আরও সদস্যদের তলব করা হতে পারে বলে জানিয়েছেন প্রতিরক্ষা দপ্তরের একটি সূত্র।
একজন উচ্চপদস্থ প্রতিরক্ষা কর্মকর্তা এনবিসি নিউজকে জানান, বর্তমানে যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্তে সামরিক অভিযানে সহায়তার জন্য প্রায় ২২ হাজার আর্মি ও এয়ার ন্যাশনাল গার্ড সদস্য নিয়োজিত রয়েছেন এবং এই সংখ্যাটি গত কিছু সময় ধরে অপরিবর্তিত আছে।
ওই কর্মকর্তা আরও জানান, ইরানের বিরুদ্ধে “অপারেশন এপিক ফিউরি’ শুরু হওয়ার আগেই এর সহায়তার জন্য বিভিন্ন ইউনিটকে তলব করা হয়েছিল। এছাড়া ওই অঞ্চলে আগে থেকেই অবস্থানরত গার্ড সদস্যদের এই অপারেশনে সহায়তার দায়িত্ব দেওয়া হয়েছিল। যুদ্ধের প্রয়োজনে আরো বেশি গার্ড ও রিজার্ভ সদস্যদের তলব করা হবে।
বিশ্বজুড়ে মোতায়েন করা মার্কিন সামরিক ক্রু এবং অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের একটি বড় অংশ আসে এই গার্ড ও রিজার্ভ ইউনিটগুলো থেকে। যুদ্ধে এ পর্যন্ত যে ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন, তারা সবাই আইওয়ার একটি সাপোর্ট ইউনিটের আর্মি রিজার্ভ সদস্য ছিলেন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর কর্মকাণ্ডকে ‘অসাধারণ’ বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেছেন, ইসরায়েলের সঙ্গে যৌথ হামলার ফলে ইরানের সামরিক সক্ষমতা ও নেতৃত্বের ব্যাপক ক্ষতি হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) ট্রাম্প এক বার্তায় জানান, যুক্তরাষ্ট্র ইরানের সাথে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ ছাড়া কোনো চুক্তিতে যাবে না। একইসঙ্গে তিনি ‘মেক ইরান গ্রেট এগেইন’ স্লোগান দিয়ে ইরানকে নতুন করে গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
ঢাকা/ফিরোজ