ঢাকা     মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৮ ১৪৩৩ || ৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাঁজা সেবনকালে দেখে ফেলায় মাদ্রাসাছাত্রকে হত্যা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৯, ৬ মার্চ ২০২৬  
গাঁজা সেবনকালে দেখে ফেলায় মাদ্রাসাছাত্রকে হত্যা

ছাব্বির আহম্মেদ এবং মাহাবুল হোসেন রনি

গাঁজা সেবনকালে দেখে ফেলায় মাহাবুল হোসেন রনি (১৪) নামের এক মাদ্রাসাছাত্রকে শ্বাসরোধে হত্যা করে গায়ে আগুনি ধরিয়ে দেওয়া হয়েছে। এ হত্যাকাণ্ড ঘটেছে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায়। হত্যায় জড়িত ছাব্বির আহম্মেদ (১৯) গ্রেপ্তারের পর শুক্রবার (৬ মার্চ) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। 

নিহত মাহাবুল হোসেন রনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার দৌলতপুর গ্রামের সোহাস মিয়ার ছেলে। সে খুরশিদিয়া মারকাযুল উলুম ক্বওমী মাদ্রাসার ছাত্র ছিল।

গ্রেপ্তার ছাব্বির আহম্মেদ ময়মনসিংহের ইশ্বরগঞ্জ থানার তুলন্দর গ্রামের আব্দুল বারেকের ছেলে। সে গাজীপুরের ভবানীপুর এলাকায় ভাড়া বাসায় থাকে। 

আসামি আদালতে জানিয়েছে, তার গাঁজা সেবনের বিষয়টি প্রকাশ হওয়ার আশঙ্কায় তাকে শ্বাসরোধে হত্যা করে পরে মরদেহে আগুন লাগিয়ে দেওয়া হয়।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআিই) জানিয়েছে, গাজীপুরের ভবানীপুর এলাকার খুরশিদিয়া মারকাযুল উলুম ক্বওমী মাদ্রাসা ও এতিমখানার নাজেরা বিভাগের শিক্ষার্থী মাহাবুব ইসলাম রনি গত ২৭ ফেব্রুয়ারি রাতে তারাবির নামাজ পড়তে যায়। বাসায় ফেরার পথে নিখোঁজ হয়। পরদিন ২৮ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে স্থানীয়রা একই এলাকার একটি জঙ্গলের ভেতর আগুনে পোড়া অবস্থায় এক কিশোরের মরদেহ দেখতে পায়। পরে পরিবারের সদস্যরা মরদেহটি রনির বলে শনাক্ত করেন।

এ ঘটনায় নিহতের দাদা তারা মিয়া জয়দেবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ তদন্ত করলেও পরে পিবিআই তদন্তভার গ্রহণ করে।

পিবিআই জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৫ মার্চ রাতে জয়দেবপুরের ভবানীপুর এলাকা থেকে ছাব্বির আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাব্বির জানায়, ছাব্বির রাতে জঙ্গলের ভেতরে গাঁজা সেবন করছিল। এ সময় রনি সেখানে এসে তাকে দেখে ফেলে এবং বিষয়টি অন্যদের জানিয়ে দেওয়ার কথা বলে। এতে ক্ষিপ্ত হয়ে ছাব্বির তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পেছন দিক থেকে গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যা করে। পরে লাশ গোপন করতে তাতে আগুন লাগিয়ে পালিয়ে যায়।

পিবিআই গাজীপুরের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ বলেন, তথ্য প্রযুক্তি, স্থানীয় সোর্স ও পেশাদার তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।

ঢাকা/রেজাউল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়