হ্যামস্ট্রিং চোটে বিপাকে পড়ে মাদ্রিদে যাচ্ছেন রোনালদো
সৌদি ক্লাব আল-নাসরের তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর সাম্প্রতিক হ্যামস্ট্রিং চোট প্রথমে যতটা হালকা মনে হয়েছিল, বাস্তবে তা তার চেয়ে বেশি গুরুতর। এ কথা নিশ্চিত করেছেন দলের কোচ হোর্হে হেসুস। ফলে উন্নত চিকিৎসার জন্য স্পেনে মাদ্রিদে যেতে হচ্ছে পর্তুগালের অধিনায়ককে।
এই চোটের কারণে রোনালদোর ক্লাব ও জাতীয় দলের আসন্ন সূচি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
গত সপ্তাহান্তে আল-ফাইহার বিপক্ষে আল-নাসরের ৩-১ গোলের জয়ের ম্যাচে চোট পান রোনালদো। ম্যাচের একপর্যায়ে তাকে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায়। শুরুতে ধারণা করা হয়েছিল, সমস্যা খুব বেশি গুরুতর নয়। কিন্তু পরবর্তী পরীক্ষায় দেখা গেছে, পরিস্থিতি প্রত্যাশার তুলনায় জটিল।
দলের কোচ হোর্হে হেসুস বলেন, “শেষ ম্যাচে ক্রিস্টিয়ানো পেশিতে চোট নিয়ে মাঠ ছাড়ে। পরে পরীক্ষায় বোঝা গেছে, এটি আমাদের ধারণার চেয়েও গুরুতর।”
চোটের গভীরতা বিবেচনায় রোনালদোকে সৌদি আরবের বাইরে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য তিনি মাদ্রিদে গিয়ে তার ব্যক্তিগত ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন।
হেসুস বলেন, “তার এখন বিশ্রাম ও পুনর্বাসন দরকার। সে স্পেনে গিয়ে তার ব্যক্তিগত ফিজিওথেরাপিস্টের সঙ্গে কাজ করবে। চোট পাওয়া অন্য কয়েকজন খেলোয়াড়ও বিশেষ চিকিৎসা নেবে।”
এই সিদ্ধান্ত থেকেই বোঝা যায়, ক্লাব কর্তৃপক্ষ তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ তারকাকে দ্রুত সুস্থ করে মাঠে ফেরাতে সর্বোচ্চ চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে চাইছে।
চোটের কারণে আল-নাসরের পরবর্তী লিগ ম্যাচে রোনালদো খেলতে পারবেন না। প্রাথমিক ধারণা অনুযায়ী, তাকে অন্তত দুই থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। যদিও গুরুতর হ্যামস্ট্রিং চোটের ক্ষেত্রে কখনো কখনো পুনরুদ্ধারে আরও দীর্ঘ সময় লাগতে পারে।
এই পরিস্থিতি পর্তুগাল জাতীয় দলের জন্যও উদ্বেগের কারণ। আগামী মাসে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। কিন্তু রোনালদোর অংশগ্রহণ এখন অনিশ্চিত হয়ে পড়েছে।
এই মৌসুমে আল-নাসরের হয়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন ৪১ বছর বয়সী এই তারকা। লিগে ২২ ম্যাচে ইতোমধ্যে করেছেন ২১ গোল।
ঢাকা/আমিনুল