ঢাকা     মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিশ্বকাপ জয়ে ভারত দলকে ১৭৩ কোটি টাকার পুরস্কার ঘোষণা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৫, ১০ মার্চ ২০২৬   আপডেট: ১৫:৫৬, ১০ মার্চ ২০২৬
বিশ্বকাপ জয়ে ভারত দলকে ১৭৩ কোটি টাকার পুরস্কার ঘোষণা

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ জয়ের পর ভারতীয় ক্রিকেট দলকে ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূর্যকুমার যাদবের নেতৃত্বে শিরোপা জেতা দলকে ১৩১ কোটি রুপি তথা ১৭৩ কোটি টাকার নগদ পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড।

ভারতীয় ক্রিকেটে এর আগে কখনও এত বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করা হয়নি। এর আগে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মার দলকে ১২৫ কোটি রুপি পুরস্কার দেওয়া হয়েছিল। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ভারতীয় দল পেয়েছিল ৫৮ কোটি রুপি এবং গত বছর নারী বিশ্বকাপ জয়ী দলকে দেওয়া হয়েছিল ৫১ কোটি রুপি।

আরো পড়ুন:

বোর্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এ দুর্দান্ত সাফল্যের জন্য ভারতীয় দলকে ১৩১ কোটি রুপি নগদ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নিউ জিল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতে ভারত। এই জয়ের মাধ্যমে তারা টানা ২ বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়ে এবং টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখার রেকর্ড করে। একই সঙ্গে এটি ছিল ভারতের তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা, যা তাদের এই ফরম্যাটের ইতিহাসে সবচেয়ে সফল দলগুলোর একটি হিসেবে আরও শক্ত অবস্থানে নিয়ে গেছে।

দুর্দান্ত পারফরম্যান্সে শিরোপা জয়:
ফাইনালে নিউ জিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে শিরোপা জেতে ভারত। এই জয়ের মাধ্যমে সূর্যকুমার যাদব এমন এক এলিট তালিকায় নাম লেখান, যেখানে আগে থেকেই আছেন কাপিল দেব, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা এবং হারমানপ্রীত কৌর- যারা সবাই বিশ্বকাপ জয়ে ভারতকে নেতৃত্ব দিয়েছেন।

এটি ছিল এমন একটি অর্জন, যা ভারতের জন্য একাধিক নতুন ইতিহাস তৈরি করেছে। তারা প্রথম দল হিসেবে টি–টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা ধরে রাখার পাশাপাশি স্বাগতিক দেশ হিসেবেও শিরোপা জিতেছে।

পুরো টুর্নামেন্টে প্রায় নিখুঁত পারফরম্যান্স দেখিয়েছে ভারত। সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হার ছাড়া আর কোনো ম্যাচে তারা পরাজিত হয়নি।

তবে সেই হারই যেন দলকে আরও শক্তভাবে ঘুরে দাঁড়াতে অনুপ্রাণিত করে। পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে তারা সেমিফাইনালে ওঠে এবং রুদ্ধশ্বাস লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করে।

ফাইনালে অবশ্য প্রতিদ্বন্দ্বিতা তেমন জমেনি। ভারত প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৫৫ রান তোলে। জবাবে নিউ জিল্যান্ড ১৫৯ রানে অলআউট হয়ে যায়।

এই শিরোপা জয় ভারতীয় ক্রিকেটের ঝুলিতে আরেকটি বড় সাফল্য যোগ করেছে। বর্তমানে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, নারী বিশ্বকাপ এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ পুরুষ ও নারী উভয় বিভাগেই ভারত চ্যাম্পিয়ন।

এর পাশাপাশি পুরুষদের এশিয়া কাপ শিরোপাও রয়েছে তাদের দখলে। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের আধিপত্য এখন আরও দৃঢ় হয়েছে। 

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়