ঢাকা     সোমবার   ০৪ মে ২০২৬ ||  বৈশাখ ২১ ১৪৩৩ || ১৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দাপুটে প্রত্যাবর্তনে ইন্টার মিলানের শিরোপা জয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৭, ৪ মে ২০২৬  
দাপুটে প্রত্যাবর্তনে ইন্টার মিলানের শিরোপা জয়

মৌসুম শেষ হওয়ার আগেই লিগের মুকুট মাথায় তুলে নিল ইন্টার মিলান। নিজেদের মাঠে পারমাকে ২-০ ব্যবধানে হারিয়ে আরও ৩ ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছে ইতালির এই ক্লাবটি। আর সান সিরো জুড়ে বেজে উঠেছে উদযাপনের সুর।

ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে গোল করে দলকে এগিয়ে দেন মার্কাস তুরাম। কোণাকুণি শটে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করে তিনি খুলে দেন জয়ের দরজা। দ্বিতীয়ার্ধে খেলার নিয়ন্ত্রণ ধরে রেখে শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন হেনরিখ মিখতারিয়ান। যিনি ৮০ মিনিটে নিখুঁত ফিনিশে গোল করেন।

আরো পড়ুন:

এই গোলের পেছনে গুরুত্বপূর্ণ অবদান ছিল বদলি হিসেবে নামা লাউতারো মার্তিনেজের। চোট কাটিয়ে ফেরা এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের পাস থেকেই আসে দ্বিতীয় গোলটি। মাঠে নামার পরপরই তার উপস্থিতি আক্রমণে নতুন গতি এনে দেয়।

শেষ বাঁশি বাজার আগেই গ্যালারিতে শুরু হয় উদযাপন। খেলা শেষ হতেই খেলোয়াড়রা ছুটে যান মাঠজুড়ে, সমর্থকদের সঙ্গে ভাগাভাগি করেন শিরোপা জয়ের আনন্দ। দীর্ঘ সময় ধরেই শিরোপার দৌড়ে এগিয়ে থাকা দলটির জন্য এটি ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণা।

এই সাফল্য ইন্টার মিলানের সাম্প্রতিক ধারাবাহিকতারই প্রতিফলন। গত ৩ মৌসুমে এটি তাদের দ্বিতীয় লিগ শিরোপা। আর সব মিলিয়ে ২১তম। ইতালির শীর্ষ লিগ ইতিহাসে তাদের অবস্থান এখন দ্বিতীয়, শীর্ষে রয়েছে জুভেন্টাস।

এই ট্রফি কোচ ক্রিস্টিয়ান চিভুর জন্য বিশেষ গুরুত্ব বহন করে। খেলোয়াড় হিসেবে একসময় ইন্টার মিলানের জার্সিতে ১৬৮ ম্যাচ খেলা এই রোমানিয়ান কোচের ক্যারিয়ারে এটি প্রথম বড় সাফল্য। ২০২৫ সালে দায়িত্ব নেওয়ার পর অল্প সময়েই দলকে শিরোপার পথে ফেরানো তার বড় অর্জন।

মিডফিল্ডার নিকোলো বারেল্লাও এই সাফল্যকে দেখছেন কঠিন সময় পেরিয়ে ঘুরে দাঁড়ানোর উদাহরণ হিসেবে। গত মৌসুমে শিরোপার খুব কাছাকাছি গিয়েও কিছু জেতা হয়নি। কিন্তু এবার সেই হতাশা কাটিয়ে ফিরেছে দল।

যদিও ইউরোপীয় প্রতিযোগিতায় হতাশা ছিল, তবুও ঘরোয়া মঞ্চে দাপট দেখিয়েছে ইন্টার। এখন তাদের সামনে রয়েছে আরেকটি সম্ভাবনা। ১৩ মে লাৎসিওকে হারাতে পারলে একই মৌসুমে লিগ ও কাপ জয়ের দ্বৈত সাফল্যও অর্জন করতে পারে তারা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়