ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৩ ১৪৩২ || ১৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রংপুর-৬ আসন শূন্য ঘোষণা

লিমন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৩৪, ১৫ জানুয়ারি ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রংপুর-৬ আসন শূন্য ঘোষণা

নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ১৬ জানুয়ারি : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ছেড়ে দেওয়া রংপুর-৬ আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে রংপুর-৬ আসনে জয়ী হন শেখ হাসিনা। ঘোষিত ফলাফল অনুযায়ী তিনি নৌকা প্রতীক নিয়ে এক লাখ ৪৮ হাজার ৫৯৯ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীক নিয়ে জাপার নুর আলম জাদু মাত্র চার হাজার ৯৬৯ ভোট পান।

তিনি গোপালগঞ্জ-৩ আসন থেকেও সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এরপর গোপালগঞ্জ-৩ রেখে রংপুর-৬ আসনটি ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করে একটি চিঠি নিজ হাতে লিখে ইসি সচিবালয়ে পাঠান প্রধানমন্ত্রী।

৮ জানুয়ারি প্রধানমন্ত্রীর পক্ষে এই ইচ্ছে প্রকাশের চিঠিটি ইসি সচিবালয়ে নিয়ে যান আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রিয়াজুল কবির কাওসার ও প্রধানমন্ত্রীর একান্ত সহকারী-২ সেলিনা রহমান।

এই পরিপ্রেক্ষিতে রংপুর-৬ আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে ইসি। বুধবার এ-সংক্রান্ত গেজেট বিজি প্রেস থেকে ইসিতে পৌঁছায়।

গেজেটে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসন থেকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার ইচ্ছা প্রকাশ করায় ৮ জানুয়ারি থেকে তার নির্বাচিত আসনটি শূন্য ঘোষণা করা হলো।

প্রসঙ্গত, সংবিধান অনুযায়ী কোনো আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

এদিকে, এই আসনে নির্বাচনের প্রার্থিতা নিয়ে ঘোলা হচ্ছে মহাজোটের জল। আওয়ামী লীগ চাইছে সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে প্রার্থী দিতে। আবার মহাজোটের অংশ জাতীয় পার্টিও (এরশাদ) চাইছে সাবেক বাণিজ্যমন্ত্রী জি এম কাদেরকে ওই আসন থেকে নির্বাচিত করতে।

 

 

রাইজিংবিডি / লিমন / আবু

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়