ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হোপ-ক্যাম্পবেলের রেকর্ডের ম্যাচে ১৯৬ রানে জিতল উইন্ডিজ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫১, ৬ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হোপ-ক্যাম্পবেলের রেকর্ডের ম্যাচে ১৯৬ রানে জিতল উইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের ম্যাচের একটি দৃশ্য (ছবি : ফিরোজ আলম)

ক্রীড়া ডেস্ক : ওয়ালটন ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৯৬ রানের বড় জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যা দেশটির ক্রিকেট ইতিহাসে রানের ব্যবধানের দিক দিয়ে দ্বিতীয় বড় জয়।

ডাবলিনে রোববার ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নামে। ইনিংসের গোড়াপত্তন করতে আসেন জন ক্যাম্পবেল ও শেই হোপ। তারা দুজন ৪৭.২ ওভার পর্যন্ত অবিচ্ছিন্ন থেকে তোলেন ৩৬৫ রান। যা ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে উদ্বোধনী জুটিতে তোলা সর্বোচ্চ রান।

আর ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ইতিহাসে যেকোনো জুটিতে তোলা দ্বিতীয় সর্বোচ্চ রান। এর আগে ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলস ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে জুটি বেঁধে তুলেছিলেন রেকর্ড ৩৭২ রান।



ক্যাম্পবেল ৯৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। আর ১৩৭ বলে ১৫ চার ও ৬ ছক্কায় ১৭৯ রান করে আউট হন। এটা ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ও সর্বোচ্চ রানের ইনিংস। আর হোপ ১৫২ বলে ২২ চার ও ২ ছক্কায় করেন ১৭০ রান। তিনি ১১২ বলে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে পৌঁছান।

তাদের দুজনের রেকর্ড জুটির রানে ভর করে ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৮১ রানের বিরাট সংগ্রহ দাঁড় করে। ৪৮তম ওভারে ক্যাম্পবেল ও হোপের মহামূল্যবান উইকেট দুটি নিয়েছেন আয়ারল্যান্ডের ব্যারি ম্যাককার্থি।

জবাবে ক্যাম্পবেলের করা রানের চেয়ে মাত্র ৬ রান বেশি করে (১৮৫) অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। তাতে ১৯৬ রানের বিশাল জয় দিয়ে ওয়ালটন ত্রিদেশীয় সিরিজ শুরু করে উইন্ডিজ।


ওয়ালটন প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছেন ওয়ালটন গ্রুপের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মুহাম্মদ ফিরোজ আলম।

যদিও আয়ারল্যান্ড মারমুখী সূচনা করার চেষ্টা করেছিল। কিন্তু তাদের মাথার উপর ছিল ৩৮২ রানের পাহাড়সম চাপ। সেই চাপের সঙ্গে লড়াই করে আর পেরে ওঠেনি তারা। তাইতো নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৪.৪ ওভারেই গুটিয়ে যায় ১৮৫ রানে।

ব্যাট হাতে আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন সর্বোচ্চ ৬৮ রান করেন। যা ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের ১৭তম হাফ সেঞ্চুরি। গ্যারি উইলসন ৩০ ও অ্যান্ডি বালবিরনি করেন ২৯ রান।

বল হাতে উইন্ডিজের অ্যাশলে নার্স ৭.৪ ওভারে ৫১ রান দিয়ে ৪ উইকেট নেন। শ্যানন গ্যাব্রিয়েল নেন ৩টি উইকেট। কেমার রোচের ঝুলিতে যায় ২টি উইকেট। অপর উইকেটটি নেন শেল্ডন কটরেল।



ওয়ালটন প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন মেইডেন সেঞ্চুরিয়ান জন ক্যাম্পবেল।

ওয়ালটন ত্রিদেশীয় সিরিজে মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে বাংলাদেশের। আর বৃহস্পতিবার আয়ারল্যান্ড মাঠে নামবে বাংলাদেশের বিপক্ষে।



রাইজিংবিডি/ঢাকা/৬ মে ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়