ঢাকা     বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ ||  চৈত্র ৩১ ১৪৩৩ || ২৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভাষানটেক পুনর্বাসন প্রকল্প নিয়ে যা বললো ভূমি মন্ত্রণালয়

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৮, ১০ নভেম্বর ২০২২  
ভাষানটেক পুনর্বাসন প্রকল্প নিয়ে যা বললো ভূমি মন্ত্রণালয়

ভাষানটেক পুনর্বাসন প্রকল্প ও কলমিলতা বাজার নিয়ে বিভিন্ন গণমাধ‌্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে নিজ অবস্থান ব‌্যাখ‌্যা করেছে ভূমি মন্ত্রণালয়। ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ব্যবস্থাপনা সরাসরি ভূমি মন্ত্রণালয়ের এখতিয়ারে আছে বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভূমি মন্ত্রণালয় তার ব্যাখ্যা জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নর্থ-সাউথ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (এনএসপিডিএল) নামের আবাসন কোম্পানির ব্যাপক অনিয়ম এবং চুক্তির শর্ত ভঙ্গের মতো জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ২০১০ সালের ১৯ অক্টোবর ভূমি মন্ত্রণালয় এনএসপিডিএলের সঙ্গে চুক্তি বাতিল করে। চুক্তির যেসব শর্ত ভঙ্গ করে অনিয়ম করা হয়েছে তার মধ্যে আছে—ফ্ল্যাটের জন্য নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেওয়া, ইচ্ছামতো সুবিধাভোগীদের কাছে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া, অতিরিক্ত হারে ইউটিলিটি চার্জ আদায়, ব্যাংকের পরিবর্তে নিজ অফিসে ফ্ল্যাট বিক্রয় ও জামানতের অর্থসহ প্রকল্প সংশ্লিষ্ট লেনদেন, মোট নির্মিতব্য ফ্ল্যাটের মধ্যে এক-তৃতীয়াংশ ফ্ল্যাটের নির্মাণকাজ সম্পন্ন না করা ইত্যাদি।

ভাষানটেক পুনর্বাসন প্রকল্প বাস্তবায়নে ভূমি মন্ত্রণালয় নিয়মতান্ত্রিকভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ভূমি মন্ত্রণালয় ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের চারটি এ টাইপ ভবনে ৫৭৬ জন বস্তিবাসীর মধ্যে ফ্ল্যাট বিতরণ করে এবং চারটি বি টাইপ ভবনে ৩৮৪ জনের মধ্যে ফ্ল্যাট বিতরণ করে। এছাড়া, বর্তমানে তিনটি এ টাইপ ও ৮টি বি টাইপ ভবনে মোট ১ হাজার ২৯৬টি ফ্ল্যাট তৈরির জন্য ডিপিপি প্রক্রিয়াধীন আছে।

বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মানের জায়গায় আসীন করে সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে। মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের কল্যাণে নিয়েছে বহু পদক্ষেপ। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। এ সম্পর্কিত কোনো সংবাদ প্রকাশের ব্যাপারে উত্তম চর্চা ও পেশাদার সাংবাদিকতায় বিশ্বাসী গণমাধ্যম সর্বদা দায়িত্বশীলতার পরিচয় দেবে বলে বিশ্বাস করে ভূমি মন্ত্রণালয়।

নঈমুদ্দীন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়