ঢাকা     রোববার   ০৭ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৪ ১৪৩৩ || ২১ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শাকিব-বুবলীকে অভিনন্দন জানিয়ে যে বার্তা দিলেন কায়েস আরজু

বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৪, ৭ জুন ২০২৬   আপডেট: ১১:১৫, ৭ জুন ২০২৬
শাকিব-বুবলীকে অভিনন্দন জানিয়ে যে বার্তা দিলেন কায়েস আরজু

শাকিবের সঙ্গে বুবলী, কায়েস আরজু (বাঁ থেকে)

চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামছেই না। গত ১১ মে, কন্যাসন্তানের মা হওয়ার খবর দিয়েছেন বুবলী। ফেসবুকে পোস্ট করা ফটোকার্ডের শেষে এই অভিনেত্রী লেখেন, “উচ্ছ্বসিত বাবা-মা শাকিব খান ও বুবলী।”

আনন্দের খবরটি প্রায় এক মাস গোপন রেখেছিলেন বুবলী। লুকোচুরি এবং দেরিতে খবর প্রকাশ করা নিয়ে মন্তব্য করেছেন ঢালিউডের আরেক জনপ্রিয় নায়ক কায়েস আরজু। শাকিব-বুবলীকে অভিনন্দন জানিয়েছেন তিনি। পাশাপাশি দেশের শীর্ষ তারকা শাকিব খানের সামাজিক দায়বদ্ধতার কথাও স্মরণ করেছেন।

আরো পড়ুন:

কায়েস আরজু বলেন, “সন্তান হওয়ার খবরটি যদি সত্যি হয়, তাহলে শাকিব ভাই ও বুবলী ভাবিকে অভিনন্দন। সন্তান হওয়ার কথাটি শাকিব খান বা বুবলী সামনে আনতে চান না, অনেক পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। আমি বলব, শাকিব ভাই দেশের সবচেয়ে বড় স্টার/সুপারস্টার। তার হয়তো ফ্যামিলি প্ল্যান আছে বা হয়তো ভাবির প্ল্যান থাকতে পারে, সে কারণেই হয়তো একটু পরে খবরটি প্রকাশ করেছেন।”

জীবনের স্পর্শকাতর বিষয়টিকে এমনভাবে গোপন রাখাকে ইতিবাচকভাবে দেখছেন না কায়েস আরজু। তার স্পষ্ট বক্তব্য—“এতদিন যা হবার হয়েছে। আমার এখন মনে হয়, লুকোচুরি না করে যা সত্য তা সুন্দরভাবে প্রকাশ করা উচিত। যেহেতু এক ধরণের দায়বদ্ধতা রয়েছে। শাকিব ভাইকে লক্ষ লক্ষ মানুষ ফলো করেন, তার জীবনী ফলো করেন তার ভক্তরা। স্বাভাবিকভাবেই উচিত, সুন্দরভাবে সবকিছু প্রকাশ করা। শাকিব ভাইয়েরও উচিত অন-স্ক্রিনে এসে সুন্দরভাবে সবকিছু সবার সামনে তুলে ধরা।”

শাকিব খানকে ইন্ডাস্ট্রির অভিভাবক ও বড় ভাই সম্বোধন করে কায়েস আরজু তার কাছে বিশেষ একটি আবদার জানিয়েছেন। তিনি বলেন, “লুকোচুরি তো অনেক হয়েছে! বড় ভাইয়ের (শাকিব খান) কাছে আবদার থাকবে—এখন থেকে যা ঘটবে তা যেন সুন্দরভাবে সামনে আসে। কারণ এই মুহূর্তে পুরো দেশবাসীর দোয়া দরকার। সবকিছু মিলে তিনি আমাদের সুপারস্টার। তাই তার পরিবারের জন্য দোয়া থাকবে, সবার জন্য দোয়া থাকবে—এটাই তো হওয়া উচিত।”

খবরটি প্রকাশ করা নিয়ে শাকিব খান ও শবনম বুবলীর হয়তো অন্য কোনো পরিকল্পনা ছিল। তবে সাধারণ মানুষ ও ভক্তদের ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে, সব সত্য আগেই প্রকাশ করা উচিত ছিল বলেও মত কায়েস আরজুর। 

বলে রাখা ভালো, ২০২২ সালে শাকিব খান ও বুবলীর বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। পরে জানা যায়, ২০১৮ সালের ২০ জুলাই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২০ সালের ২১ মার্চ তাদের প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়। 

ঢাকা/রোহান/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়