থানায় ‘ঘুষের টাকা’ গুনে প্রত্যাহার হলেন পরিদর্শক
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কমলেশ দাস
রাজশাহীর বাগমারা থানার পরিদর্শকের (তদন্ত) ‘ঘুষ নেওয়ার’ একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার (৮ জুন) বেলা ১১টার দিকে তাকে থানা থেকে প্রত্যাহার করে রাজশাহী পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ওই পুলিশ পরির্দশকের নাম কমলেশ দাস।
এর আগে রবিবার (৭ জুন) রাতে ভিডিওটি ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
৫২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কমলেশ দাস নিজ কক্ষে বসে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির কাছ থেকে টাকা নিচ্ছেন। পরে টেবিলের নিচে নিয়ে খাম থেকে টাকা বের করেন। একপর্যায়ে নোটগুলো দ্রুত গণনা শেষে নিজের মানিব্যাগে রাখেন।
কমলেশ দাস এ সময় খুশি হয়ে অর্থদাতার দিকে তাকিয়ে হাসিমুখে কথা বলতে থাকেন। পরে টেবিলের ওপরে থাকা লাল রঙের একটি খাতার লেখা ওই ঘুষের খামদাতাকে দেখান।
একটি ফেসবুক পেজ থেকে প্রথমে ওই ভিডিও পোস্ট করা হয়। পরে তা ছড়িয়ে পড়ে। অনেকেই ভিডিওটি দেখে ক্ষোভ প্রকাশ করেন। তবে, ওই পুলিশ কর্মকর্তা যার কাছ থেকে খাম নিয়েছেন, তাকে শনাক্ত করা যায়নি। উভয়ের মধ্যে আলাপচারিতার শব্দ বন্ধ রাখা হয়েছে।
কমলেশ দাস প্রায় তিন মাস আগে বাগমারায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হিসেবে যোগ দেন। এ বিষয়ে জানতে তার মোবাইল ফোনে অনেক বার ফোন করলেও কোনো সাড়া মিলেনি।
রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান জানিয়েছেন, বিষয়টি নজরে আসার পর তদন্ত শুরু হয়েছে। এরইমধ্যে থানা থেকে অভিযুক্ত কর্মকর্তাকে সরিয়ে নেওয়া হয়েছে। ঘুষ গ্রহণের বিষয়ে প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/মাহী/রফিক
২২ লাখ ক্ষুদে শিক্ষার্থীর ফুটবল টুর্নামেন্ট, ফাইনালে থাকবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন