ফেনীতে কাভার্ডভ্যানের চাপায় নিহত ২, আহত ৮
ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সড়ক দুর্ঘটনায় আহতদের ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা রাস্তার মাথা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আটজন। তাদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (১০ জুন) মধ্যরাত ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে আসা একটি গ্যাসবোঝাই ট্রাকের চাকা পাংচার হয়। মহাসড়কের পাশে ট্রাকটি রেখে চালক ও হেলপার চাকা পরিবর্তনের কাজ করছিলেন। ঘটনাস্থলে স্থানীয় কয়েকজন উৎসুক মানুষ জড়ো হন। এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও সেখানে দাঁড়িয়ে থাকা লোকজনকে চাপা দেয়। মহিপাল হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে জাহাঙ্গীর (৪০) নামে একজনের পরিচয় জানা গেলেও অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আবদুর শুক্কুর (৫২), বেলাল হোসেন (৩৭), আরিফুল ইসলাম (৩২), আরিফ (২০) ও মো. রাসেলকে (৩২)। ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কক্সবাজারের কুতুবদিয়ার মো. মিজান (৩৫) এবং নোয়াখালীর সোনাপুর এলাকার সাগর (২২)। আহত জুয়েল (১৬) প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
প্রত্যক্ষদর্শী শামীম ভূইয়া বলেন, “ঘটনাস্থলের পাশেই আমার রেস্টুরেন্ট। হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে এসে দেখি একটি গ্যাসবোঝাই ট্রাকের চাকা পাংচার হয়েছে। চালক ও হেলপার চাকা পরিবর্তনের কাজ করছিলেন, আর কয়েকজন মানুষ দাঁড়িয়ে তা দেখছিলেন। এ সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান এসে নিয়ন্ত্রণ হারিয়ে পুরো জটলার ওপর উঠে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং বেশ গুরুতর আহত হন।”
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোশাররফ হোসেন তালুকদার বলেন, “রাত দুইটার পরপরই অন্তত ১০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মারা যান। চিকিৎসাধীন অবস্থায় পরে আরো একজনের মৃত্যু হয়। আহতদের অনেকের হাত-পা ও মাথায় গুরুতর আঘাত রয়েছে। জরুরি চিকিৎসা শেষে পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং একজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”
ফাজিলপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ খাঁন চৌধুরী বলেন, “পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।”
ঢাকা/সাহাব/মাসুদ