কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ৩ ইউনিট বন্ধ
রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় আবারো কমেছে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন। বর্তমানে এই কেন্দ্রের দুইটি ইউনিট চালু রেখে ৬০ মেগওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বর্তমানে তিনটি ইউনিট বন্ধ রয়েছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রেল রুম সূত্রে জানায়, বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টা পর্যন্ত কেন্দ্রের শুধুমাত্র দুইটি ইউনিট থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এর মধ্যে ২ নং ইউনিট থেকে ৩০ মেগাওয়াট এবং ৩ নং ইউনিট হতে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
গ্রীষ্মের শুরুতে কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় এই কেন্দ্রে মাত্র একটি ইউনিট চালু রেখে ৩৫-৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। পরবর্তী বৃষ্টির কারণে কাপ্তাই হ্রদে পানি কিছুটা বাড়লে তিনটা ইউনিট চালু করা হয়, যার থেকে প্রায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। বর্তমানে আবারো কাপ্তাই হ্রদে পানি কমে আসায় দুইদিন আগে একটি ইউনিট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বর্তমানে দুইটি ইউনিট চালু রয়েছে।
কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, “শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদে পানির স্তর দিনদিন কমতে থাকে। চলতি সপ্তাহে মাঝে মাঝে বৃষ্টিপাত হলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। রুলকার্ভ অনুযায়ী হ্রদে পানির স্তর ৭৮.২০ এমএসএল (মিনস সি লেভেল) থাকার কথা, সেখানে বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির লেভেল ছিল ৭৩.৪০ এমএসএল।
ঢাকা/শংকর/মাসুদ